
শেষ আপডেট: 27 April 2024 16:15
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে শুক্রবার সিবিআইয়ের অভিযান নিয়ে বড় প্রশ্ন তুলে ইতিমধ্যে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। এবার আসানসোলের নির্বাচনী সভা থেকেও এই নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও।
রাজ্য পুলিশকে না জানিয়ে কেন সিবিআইয়ের এক তরফা অভিযান, এই প্রশ্ন সামনে রেখে মুখ্যমন্ত্রী বলেন, " যে অস্ত্র উদ্ধার হয়েছে, তা কোথা থেকে এল তা নিয়ে সন্দেহ রয়েছে। হয়তো আগে থেকে নিজেরাই ওখানে রেখে এসেছে।"
তৃণমূলের অভিযোগ, এই চিত্রনাট্য সাজানো। ষোল আনা সাজানো। বেছে বেছে এমন দিনে সন্দেশখালির জন্য এই চিত্রনাট্য তৈরি করা হয়েছে যাতে ভোটকে প্রভাবিত করা যায়।
এদিন মমতাও বলেন, "যেন যুদ্ধ হচ্ছে! কেন চকোলেট বোমা ফাটলেও সিবিআই, এনএসজির দরকার পড়ে?"
এখানেই না থেমে বিজেপির বিরুদ্ধে ভোটকে কেন্দ্র করে বড় ষড়যন্ত্রের অভিযোগও এনেছেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, "আজকে শুনলাম সন্দেশখালির বিজেপি নেতার বাড়িতে বোমা জমা রয়েছে। মনে করছে বোমা রেখে এবং চাকরি খেয়ে জিতে যাবে।" খানিক থেমে কটাক্ষের সুরে যোগ করেছেন, "ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই!"
শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণের মাঝেই সন্দেশখালিতে গিয়ে অস্ত্রভাণ্ডার খুঁজতে নেমে পড়ে সিবিআই। তার পর কেন্দ্রীয় বাহিনী গেছে, এনএসজি কমান্ডোরা গিয়েছেন, তাদের বম্ব স্কোয়াড গিয়েছে। সঙ্গে আবার রোবট। দিনের শেষে বিবৃতি দিয়ে সন্দেশখালি থেকে বিপুল অস্ত্র উদ্ধারের খবরও জানায় কেন্দ্রীয় এজেন্সি।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে সাজানো ঘটনা তৈরি করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে বিজেপি।