
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 26 December 2024 18:13
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের প্রত্যেকটি বড় শহরে বিগবাজার তৈরি করা হবে। সেখানে বাধ্যতামূলকভাবে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য দুটি ফ্লোর রাখতে হবে।
বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যের সব বড় শহরে এক একর করে জমি ফ্রিতে দেওয়া হবে বিগ বাজার করার জন্য। যার দুটো ফ্লোর সেল্ফ হেল্প গ্রুপের জন্য রাখতেই হবে। বাকিটা দোকান, কমিউনিটি হল, সিনেমা হল থাকবে। এটা টেন্ডার করে দেওয়া হবে।"
মুখ্যমন্ত্রী এও জানান, এজন্য সরকারকে আলাদা করে কোনও জমি নিতে হবে না। শিল্পের জন্য সরকারের নিজস্ব ল্যান্ড ব্যাঙ্ক রয়েছে। সেখান থেকেই এই বিগ বাজার তৈরির জমি দেওয়া হবে।
বস্তুত, স্বনির্ভর গোষ্ঠীর নিরিখে এই মুহূর্তে সারা দেশে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের মোট স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ১২ লক্ষ ১ হাজার। এর সঙ্গে জড়িত প্রায় ১.২১ কোটি পরিবার।
গ্রামীণ জনগণের আর্থিক উন্নতিতে স্বনির্ভর গোষ্ঠীর প্রচলন শুরু হয়েছিল বাম আমলে। তৃণমূলের জমানায় তা আরও সমৃদ্ধ হয়েছে। সম্প্রতি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে আরও শক্তিশালী করে তুলতে আনন্দধারা প্রকল্পে গত শুক্রবারই ১০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। এবার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করে তুলতে রাজ্যের প্রতিটি বড় শহরে বিগ বাজার তৈরির পরিকল্পনা নিচ্ছে রাজ্য।
একই সঙ্গে এদিনের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, আলিপুর মিউজিয়াম এর উল্টোদিকে একটা বড় জায়গা আছে। ওখানে বিল্ডিং তৈরি হচ্ছে। অর্ধেকটা দেওয়া হবে লেদার হাবের জন্য আর বাকিটা দেওয়া হবে বাংলার শাড়ি বিপননের জন্য।
সম্প্রতি শহরে দুটি বড় অগ্নি সংযোগের ঘটনবা ঘটেছে। এ প্রসঙ্গে বস্তিবাসীকে সতর্ক করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, "যারা বিভিন্ন বস্তিতে থাকেন, বিভিন্ন এলাকায় থাকেন, তাXরা আগুন পোহানোর ক্ষেত্রে সচেতন হন।" এ ব্যাপারে রেলকেও সতর্ক করেছেন মমতা। এ প্রসঙ্গে মাঝেরহাট ব্রিজের প্রসঙ্গ টেনে রেলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, "দূর্গাপুর ব্রিজের ওখানে রেলের জমিতে বস্তি ছিল। রেলকেও বলব আপনারা এই বিষয়টি একটু দেখবেন। আগুনের তাপে দূর্গাপুর ব্রিজ ক্ষতি হয়েছে। এর আগে আপনারা দেখেছেন মাঝেরহাট ব্রিজ নিয়ে কি হয়েছিল।"