দ্য ওয়াল ব্যুরো: দেশের জার্সি গায়ে চাপিয়ে ফের বিদেশের মাটিতে নামবে বাংলার মেয়ে। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা মমতা হাঁসদা সম্প্রতি সিনিয়র মহিলা ফুটবল টিমে সুযোগ পেয়েছে। ইন্টারন্যাশানাল টুর্নামেন্টের ১৪ জনের স্কোয়াডের অন্যতম সদস্য তিনি।
এই খবর প্রকাশ্যে আসতেই এলাকার ডাক্তার বিধায়ক খগেন্দ্রনাথ মাহাত শুভেচ্ছা জানাতে পৌঁছে যান তাঁর বাড়িতে। আরও ভালো খেলার পরামর্শ দেওয়ার পাশাপাশি যে কোনও পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামের আদিবাসী পরিবারের মেয়ে মমতা হাঁসদা। নুন আনতে পান্তা ফুরানো এই পরিবারের ছোটো মেয়ে। দুই দিদি, এক দাদা এবং মাকে নিয়ে পরিবার। বাবা গত হয়েছেন অনেক আগেই। ছোটো থেকেই রান্নবাটির বদলে ফুটবল খেলতে পছন্দ করত মমতা। বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে ফুটবলের ঝোঁকও ক্রমশ বাড়তে থাকে তাঁর। এদিকে বর্তমান সরকারের আমলে খেলাধূলার উপর বিশেষ জোর দেওয়া হলে শুরু হয় জঙ্গলমহল কাপ। এই টুর্নামেন্টই জীবন বদলে দেয় মমতার।
জুনিয়র, আন্ডার নাইন্টিন এ ন্যাশানাল, সুব্রত কাপ খেললেও ইন্ডিয়া টিমের সিনিয়ার প্লেয়ার হিসেবে বিদেশের মাটিতে খেলার সুযোগ এই প্রথম পেল মমতা। আর এই সুযোগকে কাজে লাগিয়েই আগামী দিনে আরও ভালো প্লেয়ার হওয়ার স্বপ্ন দেখছে জঙ্গলমহলের মমতা।