বস্তুত, ‘অপারেশন অজয়ে’র প্রথম চার্টার উড়ানে শুক্রবারই যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল থেকে দেশে ফিরলেন ২১২ জন ভারতীয় নাগরিক। এরমধ্যে রয়েছে এক শিশু ও ২১১ জন প্রাপ্তবয়স্ক নাগরিক। শুক্রবার সকালে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় বিশেষ এই বিমানটি।
গত প্রায় এক সপ্তাহ ধরে যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল। গাজায় হামাস গোষ্ঠীর লাগাতার রকেট আক্রমণের মধ্যে দিয়ে যে যুদ্ধের শুরু, তা ক্রমশ ভয়াল রূপ ধারণ করছে। এই পরিস্থিতিতে ইজরায়েলে আটকে পড়া বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে দেশে ফিরতে সাহায্য করেছে কেন্দ্র। আর এবার সেদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে বৃহস্পতিবার থেকেই ‘অপারেশন অজয়’ এর মিশন শুরু হয়েছিল। কেন্দ্রের পাশাপাশি এবার পশ্চিমবঙ্গ সরকারের তরফেও দিল্লিতে চালু করা হল কন্ট্রোল রুম। একই সঙ্গে কলকাতাতেওখোলা হয়েছে কন্ট্রোল রুম।
রাজ্য প্রশাসনের এক কর্তার কথায়, ইজরায়েলে আটকে রয়েছেন প্রায় ১৮হাজার ভারতীয়। তার মধ্যে বাংলার বহু মানুষ রয়েছেন। তাঁদের পরিবারই চরম উৎকন্ঠার মধ্যে রয়েছেন। উদ্বিগ্ব পরিবারগুলির সুবিধার্থে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বিশেষ কন্ট্রোল রুম চালু করা হল।


