
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 8 May 2025 18:13
দ্য ওয়াল ব্যুরো: দেশের বর্তমান যা পরিস্থিতি, তাতে বাংলায় (West Bengal) যেন কোনও কিছুর দাম না বাড়ে, সে ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পহেলগামে নৃশংস জঙ্গি হামলার (Pahalgam Attack) ১৫ দিনের মাথায় প্রত্যাঘাত করেছে ভারত। দুই দেশের মধ্যে যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে স্বাভাবিক ভাবেই বাজার দর নিয়ে একটা চিন্তা থাকছে আমজনতার। পরিস্থিতির সুযোগ নিয়ে যাতে কেউ কালোবাজারি না করতে পারে, সেদিকে নজর রাখার কথাও বললেন মুখ্যমন্ত্রী। জানালেন, "দেশটাকে নিজের বাড়ির মতো করে ভাবতে হবে। সবাই নিজের ঘর মনে করে, দেশটাকে নিজের মনে করে নজর রাখুন। এই পরিস্থিতিতে রাজ্যে যদি কোনও কালোবাজারির খবর আসে, তাহলে সব বাজেয়াপ্ত করবে সরকার।"
মুখ্যমন্ত্রীর আশঙ্কা, দেশের এই গৌরবের মুহূর্তে কিছু অসাধু ব্যবসায়ী যুদ্ধের জিগির তুলে অত্যাবশ্যকীয় বিভিন্ন পণ্য, খাদ্যসামগ্রী প্রভৃতির দাম বাড়িয়ে মোটা মুনাফা লোটার চেষ্টা করতে পারে। তাই তিনি আগেভাগেই এ নিয়ে সতর্ক হয়েছেন। যে কারণে বৃহস্পতিবার একটি বৈঠক ডেকেছিলেন মমতা। সেই বৈঠক থেকেই তিনি স্পষ্ট করে দিলেন যাতে বাংলায় ফসল, আনাজ, মাছ, মাংসের দাম না বাড়ে।
ইতিমধ্যেই 'অপারেশন সিঁদুরের' (Operation Sindoor) জন্য ভারতীয় সশস্ত্রবাহিনীগুলিকে অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, রাজ্য সরকার এই সময়ে সবরকমভাবে কেন্দ্রীয় সরকারের পাশে থাকবে। কেন্দ্রের সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে রাজ্য সরকার মেনেও চলছে।
তবে এই পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যদি দাম বাড়ানোর কথা ভাবে, তাতে যে সরকার বসে থাকবে না সেই কথাও এদিনের বৈঠক থেকে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, কালোবাজারি যে করবে, তার সব জিনিস সরকার বাজেয়াপ্ত করবে। বাজারদর খতিয়ে দেখতে কড়া নজরদারির কথাও বলেছেন মমতা। তবে অভিযানের (রেইড) নামে যদি কেউ টাকা তোলার চেষ্টা করে, সে ক্ষেত্রে যে ফল ভাল হবে না তাও পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
অতীতেও বহুবার খাদ্যপণ্যের দামে রাশ টানতে টাস্ক ফোর্স গঠন, আচমকা অভিযানের নির্দেশ দেওয়া-সহ নানাবিধ পদক্ষেপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রকমই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে এবারের পরিস্থিতি তদারকির দায়িত্ব দিয়েছেন। নির্দেশ দিয়েছেন, যাতে সীমান্ত দিয়ে এই সুযোগে কোনও জিনিস বাইরে না চলে যায়, সেটাও খেয়াল রাখতে হবে।