
শীতলামন্দিরে পুজো দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 7 June 2024 07:30
দ্য ওয়াল ব্যুরো: এক্সিট পোলকে ধূলিসাৎ করে দিয়ে লোকসভা নির্বাচনে বাংলায় ব্যাপক সাফল্য অর্জন করেছেন তৃণমূল কংগ্রেস। গত লোকসভা ভোটের থেকেও ভাল ফল হয়েছে। ভোটের ফলাফল প্রকাশের পর বৃহস্পতিবার ভবানীপুরের শীতলামন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সাংবাদিকদের সঙ্গে এই পুজো দেওয়ার বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।
ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা কেন্দ্র। গত বিধানসভা ভোটে অবশ্য তিনি এই কেন্দ্রে দাঁড়াননি, লড়েছিলেন নন্দীগ্রাম থেকে। যদিও বিধানসভা হোক কিংবা লোকসভা ভোট, কলকাতায় বিজেপি কোনওবারেই দাগ কাটতে পারেনি। ৪২ আসনের মধ্যে ২৯ আসন পেয়ে তৃণমূল কার্যত সব দিক থেকেই 'গর্জন' করেছে। এই বিপুল সাফল্যের পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল মন্দিরে পুজো দিতে।
ভবানীপুরে এই শীতলা মন্দিরে হামেশাই যান মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের সময়ও তাঁকে মন্দির পুজো দিতে দেখা গেছিল। তবে সকলের ধারণা, এবারের নির্বাচনে বিপুল জয়ের পর শীতলামাতাকে সেই জয় উৎসর্গ করেছেন তিনি। বিজেপি বারংবারই তাঁর বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলেছে। এবারের ভোটও তার ব্যতিক্রম নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ই সর্ব-ধর্ম-সমন্বয়ের বার্তা দিয়ে এসেছেন। তিনি একাধারে যেমন মন্দিরে পুজো দেন, অন্যদিকে ইদের পার্টিতেও সামিল হন, আবার ক্রিসমাসে গির্জাতেও যান।
প্রসঙ্গত, জাতীয় স্তরে বিরোধী জোটে তৃণমূল এখন তৃতীয় বৃহত্তম শক্তি। কংগ্রেস ও সমাজবাদী পার্টির পরই তাদের সাংসদ সংখ্যা। ৪২টি আসনের মধ্যে গতবারে তৃণমূলের দখলে ছিল ২২টি। এবারে সেই সংখ্যা পৌঁছেছে ২৯ এ। লোকসভা ভোটে দলের বিপুল জয়ের পর মঙ্গলবারই জনতাকে কৃতজ্ঞতা জানিয়ে মমতা স্পষ্ট করেছিলেন, সংসদের ভিতরে ও বাইরে বিজেপিকে চাপে রাখতে বড় ভূমিকা পালন করবে তৃণমূল। আগামী শনিবার দলের সাংসদদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন তৃণমূল নেত্রী।