জামুড়িয়ার তৃণমূল প্রার্থী (Jamuria TMC Candidate) তথা বিদায়ী বিধায়ক হরেরাম সিংহকে প্রকাশ্য মঞ্চ থেকেই কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন— ছেলে যেন লালবাতি লাগানো গাড়ি নিয়ে ঘোরার স্পর্ধা না দেখায়।

মমতা বন্দ্যোপাধ্যায় ও জামুড়িয়ার তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক হরেরাম সিং
শেষ আপডেট: 28 March 2026 17:30
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে মন্ত্রীদের গাড়িতে লালবাতি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল বছর পাঁচেক আগেই। কিন্তু ক্ষমতার সেই পুরনো ‘চমক’ আর আভিজাত্যের মোহ যে এখনও দলের অন্দরে পুরোপুরি ঘুচিয়ে ফেলা যায়নি, শনিবার রানিগঞ্জের সভা থেকে তা কার্যত মেনে নিলেন খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জামুড়িয়ার তৃণমূল প্রার্থী (Jamuria TMC Candidate) তথা বিদায়ী বিধায়ক হরেরাম সিংহকে প্রকাশ্য মঞ্চ থেকেই কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন— ছেলে যেন লালবাতি লাগানো গাড়ি নিয়ে ঘোরার স্পর্ধা না দেখায়।
মঞ্চে সতর্কবার্তা, নেপথ্যে বিতর্ক
শনিবার পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে নির্বাচনী প্রচারের (West Bengal Assembly Election 2026) তৃতীয় দিনে ‘উন্নয়নের পাঁচালি’ শোনানোর পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বক্তৃতার মাঝেই জামুড়িয়ার প্রার্থী হরেরামকে থামিয়ে মমতা বলেন, “ছেলেকে বলবে, লালবাতি নিয়ে যেন না ঘোরে।” রাজনৈতিক মহলের মতে, দলের ভাবমূর্তি রক্ষায় এই সতর্কবার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ছেলে না কি ছায়া-বিধায়ক?
বিতর্কের কেন্দ্রে হরেরাম-পুত্র প্রেমপাল সিং, যিনি আসানসোল জেলা তৃণমূলের অন্যতম যুব সম্পাদক। তাঁর গাড়িতে লালবাতি লাগানো নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক বিতর্ক ঘনিয়েছে শুক্রবার রামনবমীর একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে। সেখানে প্রেমপালকে দম্ভের সুরে বলতে শোনা গিয়েছে, “মন্ত্রী ওরাই বানায়। আমার মন্ত্রিপদ দরকার নেই। আমি শুরু থেকেই বিধায়ক, বিধায়কই থাকব।” দলের অন্দরেই প্রশ্ন উঠেছে, ভোটে লড়ছেন বাবা, অথচ ছেলে নিজেকে ‘বিধায়ক’ বলে জাহির করছেন কোন সাহসে?
বিজেপির কটাক্ষ ও প্রার্থীর প্রতিক্রিয়া
এই সুযোগ হাতছাড়া করেনি গেরুয়া শিবির। জামুড়িয়ার বিজেপি প্রার্থী বিজন মুখোপাধ্যায় খোঁচা দিয়ে বলেন, “এলাকায় গত কয়েকদিন ধরে যা চলছিল, মুখ্যমন্ত্রী নিজেই তা প্রকাশ্যে এনে আমাদের অভিযোগের সিলমোহর দিলেন।” অন্যদিকে, অস্বস্তি ঢাকতে হরেরাম সিংহের সংক্ষিপ্ত জবাব, “দিদি যা বলেছেন তা সবাই শুনেছে। মানুষ জামুড়িয়ায় দল দেখেই ভোট দেবে।” লালবাতির বিষয়টি বিরোধীদের কারসাজি বলেও দাবি করেছেন তিনি। তৃণমূলনেত্রীর এই কড়া দাওয়াইয়ে ‘লালবাতির মোহ’ বন্ধ হয় কি না, এখন সেটাই দেখার।