
ফাইল ছবি
শেষ আপডেট: 3 April 2025 18:15
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill 2025) আইনে পরিণত হলে আগামী বছর বাংলার বিধানসভা নির্বাচনে যে তার প্রভাব পড়বে সে কথা বাংলার সমস্ত রাজনৈতিক দলই একপ্রকার মেনে নিয়েছে। বুধবার দীর্ঘ ১৩ ঘণ্টা বিতর্ক আর ভোটাভুটির পর সংশ্লিষ্ট বিলটি পাশ হয়েছে। রাজ্যসভাতেও পাশ হওয়া সময়ের অপেক্ষা। এরপরই আইন পাশ। এমন পরিস্থিতিতে আসন্ন বিধানসভা ভোটের মোক্ষম ইস্যু করে পথে নামছে শাসকদল।
বরাবরই বাংলার ভোটে সংখ্যালঘুর মতামত নির্ণায়কের কাজ করে। ২৬-এর নির্বাচনও ব্যাতিক্রম নয়। সুপ্রিম কোর্ট এসএসসির ২৬ হাজার শিক্ষক-অশিক্ষকদের চাকরি বাতিল (SC Cancels 26,000 Jobs) করার পর চিন্তা বেড়েছে তৃণমূলের। আগামী নির্বাচনে এর প্রভাব কতটা পড়বে সেটা আলোচনা সাপেক্ষ। কিন্তু প্রধান বিরোধীদল বিজেপিকে কোণঠাসা করতে যে শাসকদল মরিয়া তার প্রমাণ পাওয়া গেল আজকে মমতার (Mamata Banerjee) বৈঠক থেকেও।
২৫,৭৫২ জনের চাকরি বাতিল হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন তখন প্রায় শেষ হয়ে এসছে। ঠিক সেই সময়ই আর একবার ওয়াকফ ইস্যু উস্কে দিলেন তৃণমূলের সর্বময়নেত্রী। বললেন, "দেশকে ভাগ করার জন্য ইচ্ছাকৃত ভাবে ওয়াকফ সংশোধনী বিল আনা হয়েছিল। বিজেপিকে মনে রাখতে হবে, তাদের সরকারও এক সময় চলে যাবে। অন্য সরকার আসবে। তখন, লোকসভা ও রাজ্যসভায় আরেকটা সংশোধনী পাশ হয়ে যাবে।"
গত কয়েক বছর ধরে রাজ্যের রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ স্পষ্ট হয়েছে। বিজেপিও যেমন ঢাক ঢাক গুরগুর ছেড়ে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া হয়ে উঠেছে, তখন দীর্ঘ ন'বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা সফর এই আবহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এছাড়াও বিজেপির বিরুদ্ধে শাসকদলের বাংলা-বাঙালি আবেগ তো আছেই।