
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 23 September 2024 16:57
দ্য ওয়াল ব্যুরো: জেলায় জেলায় প্রশাসনিক সভা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার পূর্ব বর্ধমানের সভা থেকে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।
এদিন কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, 'কেন্দ্র ভোটের জন্য যে টাকা খরচ করে, তার ১ শতাংশ যদি রাজ্যকে দিত তাহলে আমদেরও এমন পরিস্থিতি সামলাতে সুবিধা হত।'
নতুন করে বৃষ্টি হলে রাজ্যের পরিস্থিতি যে আরও খারাপ হবে সেই আশঙ্কার কথাও এদিন শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। পাশাপাশি তিনি বলেন, ডিভিসি কেন্দ্রীয় সরকারের অধীন। বন্যা পরিস্থিতি নিয়ে ওদের ভ্রূক্ষেপ না থাকলেও প্রতিদিনই জল ছাড়ার কারণে রাজ্যের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
মমতার অভিযোগ, ঝাড়খণ্ডে বৃষ্টি হলে নিজেদের বাঁচাতে জল ছেড়ে দিচ্ছে ডিভিসি। যার ফলে বাংলা বানভাসী হলেও সেদিকে নজর নেই কেন্দ্রের।
মমতা আরও বলেন, 'বাংলার দুর্ভাগ্য, এখানে ও অসমে যত বন্যা হয়, অন্য কোথাও তা হয় না। বাংলার অবস্থা নৌকার মতো। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা বাড়ে। কারণ নিজেদের বাঁচাতে জল ছেড়ে দেয় ডিভিসি।'