নেপালে অস্থিরতার মধ্যে উত্তরবঙ্গ সফরে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীতে নেটওয়ার্ক সমস্যা দেখে রাতেই স্থান পরিবর্তন করে উত্তরকন্যায় উঠলেন।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 10 September 2025 11:28
দ্য ওয়াল ব্যুরো: মাঝরাতে উত্তরকন্যা এসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও (Arup Biswas)। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কন্যাশ্রীতে (Uttar Kanya) ছিলেন মুখ্যমন্ত্রী।
কিন্তু নেটওয়ার্কের সমস্যা দেখা দেওয়ায় সেখানে আর রাত্রিবাস করতে চাননি মুখ্যমন্ত্রী। প্রথম সারির কোনও টেলিকম সংস্থারই নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না কন্যাশ্রীতে। সেই জন্যই তড়িঘড়ি এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস।
কন্যাশ্রীতে জিও থেকে এয়ারটেল কোনও নেটওয়ার্ক কাজ করছিল না। অথচ কাছেই নেপালে অস্থির পরিস্থিতি। কন্যাশ্রীতে থেকে কোনও খবর পাচ্ছিলেন না মুখ্যমন্ত্রী। তাই উত্তর কন্যায় এসে উঠেছেন মাঝরাতে।
মঙ্গলবার মমতা যখন রওনা হয়েছিলেন, তখন নেপাল প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “নেপাল নিয়ে কোনও মন্তব্য করব না। এটা ভারত সরকারের বিষয় আমরা প্রতিবেশী দেশদের ভালবাসি। চাই সবাই শান্তিতে থাকুক। প্রতিবেশী ভাল থাকলেই আমরা ভাল থাকব।”
রাজধানী কাঠমান্ডু-সহ বিভিন্ন শহর উত্তপ্ত, রাস্তায় নেমে আসা জনতার সঙ্গে পুলিশ ও সেনার সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করেছে। একাধিক শহরে সরকারি দফতরে আগুন, ইট-পাথর ছোড়াছুড়ি, ভাঙচুর— সব মিলিয়ে দেশ কার্যত বিধ্বস্ত। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “নেপাল সীমান্ত নিয়ে কেন্দ্র এখনও আমাদের সঙ্গে কোনও যোগাযোগ করেনি। তবে আমরা আমাদের পক্ষ থেকে শিলিগুড়ি, কালিম্পং-সহ প্রত্যেকটি এলাকায় শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করছি।”