
শেষ আপডেট: 8 February 2024 20:30
দ্য ওয়াল ব্যুরো: শোরগোলের মধ্যে দিয়েই বৃহস্পতিবার বাজেট অধিবেশন শুরু হয়েছিল। রাজ্য সঙ্গীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি জাতীয় সঙ্গীত গাইতে শুরু করে, তা থেকে যত বিতর্কের সূত্রপাত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময়ে বলতেও শোনা যায়, 'এটা বিজেপির পার্টি অফিস নয়'। বাজেট শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। তবে এটাও দাবি করেন, বাংলার সরকার দেখিয়ে দিয়েছে কীভাবে এগিয়ে যেতে হয়।
কেন্দ্রের বিজেপি সরকারকে খোঁচা দিয়ে মমতা বলেন, দেশ ঋণের বোঝায় ডুবে রয়েছে। আর বিজেপি একতরফাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু বাংলার সরকার মানুষের কাছে পৌঁছেছে। শত প্রতিকূলতার মধ্যেও বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্পে অর্থ বরাদ্দ বাড়ানো হয়েছে। মমতা জানান, আর্থিক বৈষম্য থাকলেও মানুষে মানুষে ভেদাভেদ তিনি চাননি।
নাম না করে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ''চিন্তাশক্তি থাকতে হয়, ভাবতে হয়। শুধু আ-কথা, কুকথা, মিথ্যে বলে, কুৎসা করে, অপপ্রচার করে আর ভাগাভাগির রাজনীতি করে, উন্নয়ন হয় না।''
বিজেপির পাশাপাশি সাংবাদিক বৈঠক থেকে সিপিএমকেও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন, ''আজ পর্যন্ত এমন হয়নি যে কোনও সরকারি কর্মচারী ১ তারিখে মাইনে পায়নি। আমাদের সরকার আসার পর থেকে এমন হয়নি যে শিক্ষক-শিক্ষিকা মাইনে পায়নি। বাম আমলে ১৫ দিন, ২০ দিন পেরিয়ে গেলেও টাকা পেত না।''