
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 22 April 2025 15:20
দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুরের সভা থেকে, শিক্ষকদের (ssc) অবস্থান-বিক্ষোভ নিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )। বললেন, তিনি কলকাতায় থাকলে খুব সহজেই মিটিয়ে দিতেন শিক্ষকদের সমস্যা।
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘কেউ কেউ রিজিড, যোগ্য-অযোগ্য লিস্ট বার করতে হবে। কে টেন্টেড, কে আনটেন্টেড, আপনার দেখার দরকার নেই তো। সেটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে। আমরা প্রমাণ নেব, কোর্টের কথা শুনব। আপনার তো লিস্টের দরকার নেই। আপনার চাকরি করা ও মাইনে পাওয়া দরকার। বাকিটা আমাদের উপর ছেড়ে দিন।’
তিনি আরও বলেন, ‘শিক্ষক-শিক্ষিকা যাঁরা বসে আছেন কাল থেকে কষ্ট করে, এই গরমে কেন বসে আছেন! আপনারা স্কুলে যান, আমি তো আপনাদের বলেছি। সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি বন্ধ করে দিয়েছিল। আমরা তো রিভিউ পিটিশন করেছি, আমরা তো বলেছি আপনারা মাইনে পাবেন। এতে কোনও দাঙ্গা করার দরকার নেই, কারও প্ররোচনারও দরকার নেই। আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলছি, দরকারে আবার রিভিউ করব।’
"গরমে কেন বসে আছেন, মাইনে পাবেন"#MamataBanerjee #SSC #WestBengal #TheWallNews pic.twitter.com/xspbKEXk1Y
— The Wall (@TheWallTweets) April 22, 2025
মুখ্যমন্ত্রীর কথায়, ‘যাঁরা চাকরি খেয়েছে, তাঁদের উপর ভরসা করবেন না, যাঁরা চাকরি দিয়েছে, যাঁরা আগামীতে চাকরি দেবে, তাঁদের উপর ভরসা করুন। আমরা আইনের পথেই উপায় বার করব। আমি তো চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক।’
তিনি আরও বলেন, ‘রাজনীতি করতে গেলে দানবিক নয়, মানবিক মুখের বেশি প্রয়োজন। এরা কারা, যারা চাকরি খেয়ে নেয়! একবারও এদের পরিবারের কথা মনে পড়ে না! মাইনে কিন্তু সরকার দেবে। যারা আপনাদের উস্কাচ্ছে, তারা দেবে না। আমি কাল থেকে কম করে দশবার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম।’