
মনোজ ভার্মা এবং মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 17 September 2024 15:52
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরানোর ব্যাপারে সোমবার রাজি হয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর তা তিনি সাংবাদিক বৈঠক করে ঘোষণাও করে দেন।
মঙ্গলবার দুপুরের মধ্যে সেই প্রতিশ্রুতি পালন করলেন মুখ্যমন্ত্রী। কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে সেই পদে বসানো হল সিনিয়র আইপিএস অফিসার মনোজ ভার্মাকে।
জুনিয়র ডাক্তারদের চাপের মুখে পড়ে সরকার কলকাতার পুলিশ কমিশনার পদে বদল ঘটালেও মুখ্যমন্ত্রী এও স্পষ্ট করে দিয়েছিলেন, বিনীত গোয়েলের বিষয়টিও দেখা হবে। তিনি কোন পদে যেতে আগ্রহী তাও জানতে চাইবে সরকার। দেখা গেল, কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে বিনীত গোয়েলকে স্টেট টাস্ক ফোর্সের এডিজি পদে নিয়ে যাওয়া হল।
এতদিন আইনশৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত এডিজি ছিলেন মনোজ ভার্মা। তাঁকে কলকাতার পুলিশ কমিশনার করার পর সেই পদে আনা হল আইপিএস অফিসার জাভেদ শামিমকে। জাভেদ একদা কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ছিলেন।
কলকাতার পুলিশ কমিশনারের পাশাপাশি ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে অপসারণের দাবি করেছিলেন আন্দোলনকারীরা। তাতেও সম্মত হন মুখ্যমন্ত্রী। অভিষেককে কলকাতা পুলিশের ডিসি নর্থ পদ থেকে সরিয়ে পাঠিয়ে দেওয়া সেকেন্ড বাটালিয়নে। তাঁকে কমান্ডান্ট করা হয়েছে। পরিবর্তে কলকাতা পুলিশের ডিসি নর্থ পদে আনা হয়েছে, দীপক সরকারকে। তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি -ইস্ট পদে ছিলেন।