
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 23 November 2024 14:51
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের ৬টি কেন্দ্রের উপনির্বাচনে কার্যত সবুজ ঝড় দেখা গেছে। অল্প নয়, বেশ বড় ব্যবধানেই বিরোধী শিবিরকে কুপোকাত করেছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই এই ফলাফল নিয়ে উচ্ছ্বসিত ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা। উপনির্বাচনের ফল সামনে আসতেই বার্তাও দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেস বিজেপি নেতাদের 'জমিদার' বলে খোঁচা দিয়ে এসছে অতীতে। গত লোকসভা ভোটের সময়ে এই ইস্যুতে বিস্তর চর্চা হয়েছে। উপনির্বাচনের এই জয়ের পর বিরোধীদের সেই 'জমিদার' খোঁচাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল পোস্টে দলনেত্রীর বার্তা, 'আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। মা-মাটি-মানুষকে জানাই বিনম্র চিত্তে অভিবাদন।'
এই ফলাফল প্রকাশ্যে আসতেই আরও সক্রিয়ভাবে কাজ করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল পোস্টে তিনি উল্লেখ করেছেন, 'এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরো সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা।'
মা-মাটি-মানুষকে জানাই বিনম্র চিত্তে অভিবাদন। জয় বাংলা ???????? pic.twitter.com/FUQxCI1xW2
— Mamata Banerjee (@MamataOfficial) November 23, 2024
এই উপনির্বাচন হয়েছে মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে। সকাল থেকেই ভোটের ব্যবধানে শাসকদলের প্রার্থীরা অনেকটাই এগিয়ে ছিলেন। জয় নিশ্চিত ধরে নিয়েই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রীতিমতো সেলিব্রেশন মুডে চলে আসেন শাসকদলের কর্মী সমর্থকরা। এখন তো কোথাও তাসা বাজিয়ে, কোথায় আবির উড়িয়ে কোথাও বা ঢাক-কাঁসর বাজিয়ে ইতিমধ্যেই বিজয়োৎসব চলছে।