গত ২ অগস্ট থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে বাংলায়। এর জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে গ্রামের ছোট ছোট সমস্যার কথা শুনবেন সরকারের আধিকারিকরা।
.jpeg.webp)
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 29 August 2025 17:07
দ্য ওয়াল ব্যুরো: গত মাসে নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক করে সরকারি নতুন প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার নাম - আমাদের পাড়া, আমাদের সমাধান (Amader Para Amader Samadhan)। ঘোষণার ২৬ দিন পর কেমন সাড়া মিলছে তা নিজেই জানালেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় এই প্রকল্প নিয়ে লম্বা পোস্ট করেছেন তিনি।
মমতার লিখেছেন - মাত্র ২৬ দিনেই গোটা বাংলার প্রায় ১৪ হাজার ৫০০-রও বেশি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে ভিড় জমিয়েছেন এক কোটিরও বেশি মানুষ। তিনি বলেন, ‘‘এই অভূতপূর্ব সাড়া দেখিয়ে বাংলার মানুষ প্রমাণ করলেন যে গণতান্ত্রিক অংশগ্রহণ এবং জনমুখী শাসনই এই রাজ্যের প্রকৃত শক্তি।’’
I am feeling extremely happy and proud to announce that within only 26 days, more than one crore people from all over Bengal have visited around 14,500 Amader Para, Amader Samadhan camps, in order to have sustainable solutions to the various issues and problems in and around… pic.twitter.com/ec7i1P5NMS
— Mamata Banerjee (@MamataOfficial) August 29, 2025
গত ২ অগস্ট থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে বাংলায়। এর জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে গ্রামের ছোট ছোট সমস্যার কথা শুনবেন সরকারের আধিকারিকরা। আর যে কাজ হবে তার জন্য ১০ লক্ষ করে টাকা দেবে সরকার। প্রকল্পের সাফল্যের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর বার্তায় উঠে এসেছে সকলের প্রতি কৃতজ্ঞতাও। তিনি বলেন, পঞ্চায়েত থেকে শুরু করে জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক, কর্মী ও স্বেচ্ছাসেবকরা যাঁরা দিনরাত এক করে এই কর্মসূচিকে মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছেন।
এ ছাড়াও বাংলার সাধারণ মানুষকেও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আপনারা আমাদের প্রতি ভরসা রেখেছেন, আমাদের প্রতিশ্রুতির ওপর বিশ্বাস রেখেছেন। সেই আস্থা আমাদের কাছে অমূল্য।’’
এই প্রকল্পে কী কী কাজ হচ্ছে
নবান্নের প্রকাশিত তালিকা অনুযায়ী, বুথ স্তরে এই ১৪টি বিষয়ে কাজ করা হবে—
১. ড্রেন, নিকাশি ব্যবস্থা, কালভার্ট নির্মাণ ও সংস্কার
২. জলের সংযোগ ও সরবরাহ (নলকূপ, পাইপলাইন)
৩. রাস্তায় আলো (এলইডি, সোলার, হাইমাস্ট)
৪. বাজার এলাকায় শৌচাগার নির্মাণ
৫. অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ, পাঁচিল, পানীয় জল ব্যবস্থা
৬. প্রাথমিক বিদ্যালয়ের রঙ, বেঞ্চ, শৌচাগার সংস্কার
৭. পুকুর সংস্কার, ঘাট বাঁধানো
৮. বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন
৯. বাজার এলাকার ড্রেন, দোকান মেরামতি
১০. কমিউনিটি সেন্টার ও পাড়ার ছাউনি নির্মাণ
১১. বাসস্টপ, অটো/রিকশা স্ট্যান্ড, ফুটপাত, অ্যাম্বুল্যান্স পরিষেবা
১২. পার্কে বেঞ্চ বসানো, বৃক্ষরোপণ
১৩. বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যা সমাধান
১৪. রাস্তা নির্মাণ ও মেরামতি
এই প্রকল্পের বিশেষত্ব, কোন কাজকে অগ্রাধিকার দেওয়া হবে তা ঠিক করবেন বুথের সাধারণ মানুষ। সরাসরি তাঁদের মতামতের ভিত্তিতেই প্রকল্পে বরাদ্দ অর্থ খরচ হবে। এতে প্রশাসনের সঙ্গে জনগণের পরোক্ষ নয়, প্রত্যক্ষ যোগ তৈরি হবে বলে মনে করছে নবান্ন।