
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 17 January 2025 23:37
দ্য ওয়াল ব্যুরো: গুড়াপের শিশু ধর্ষণ খুনে দোষী প্রতিবেশী প্রৌঢ়কে ফাঁসির সাজা শোনাল চুঁচুড়ার পকসো আদালত। আজই শিশুর জন্মদিন। সেই দিনেই ধর্ষণ-খুনে অভিযুক্তের ফাঁসির সাজা হল।
গত ২৪ নভেম্বর গুড়াপে চকলেটের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে পাঁচ বছরের শিশুকে নির্যাতন করে খুন করে অশোক সিং। ঘটনার তদন্তে ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। বুধবার দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্তকে। আজ হয় চূড়ান্ত রায় দান। পকসো কোর্টের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী দোষীকে সর্বোচ্চ সাজা শোনান।
Today, the Court has pronounced death sentence for the convict who had raped and murdered the small girl of Gurap and I thank the Judiciary for that.
— Mamata Banerjee (@MamataOfficial) January 17, 2025
I thank Hooghly Rural District Police for their swift action and thorough probe that ensured speedy trial and conviction in 54…
পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লিখলেন, 'আজ, আদালত গুড়পের নাবালিকাকে ধর্ষণ ও খুনের দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। আমি বিচার বিভাগকে এর জন্য ধন্যবাদ জানাই। পাশাপাশি হুগলি গ্রামীণ জেলা পুলিশকে তাদের দ্রুত পদক্ষেপ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য ধন্যবাদ জানাই। যার ফলে ৫৪ দিনের মধ্যে দ্রুত বিচার এবং দোষী সাব্যস্ত করা সম্ভব হয়েছে।'
মমতা আরও লেখেন, 'আমি নিহতের পরিবারের প্রতি সমব্যথী। আমাদের পৃথিবীতে ধর্ষকের কোনও স্থান নেই। আমরা সকলেই কঠোর আইন, সামাজিক সংস্কার, কার্যকর এবং ক্ষমাহীন প্রশাসনের মাধ্যমে আমাদের শিশুদের জন্য একটি নিরাপদ স্থান গড়ে তুলব। এই ধরণের কোনও অপরাধই শাস্তিহীন থাকবে না।'
অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনার রায়দানের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। লেখেন, ''বাংলায় ন্যায়বিচার দ্রুত, এবং আপোষহীনভাবে করা হয়। অন্য অনেকেরা নারী সুরক্ষার শুধু কথা বলে। বাংলা নারীর প্রতি হিংসার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করে।''
In Bengal, JUSTICE is delivered SWIFTLY, DECISIVELY and UNCOMPROMISINGLY.
— Abhishek Banerjee (@abhishekaitc) January 17, 2025
Today, the Hooghly POCSO Court pronounced the death sentence for the perpetrator responsible for the heinous rape and murder of a minor girl from Gurap. I congratulate the Hooghly Rural District Police…
প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর হুগলির গুড়াপ থানা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে যায় প্রতিবেশী প্রৌঢ় অশোক সিং। মেয়ে মাংস খেতে চেয়েছিল। তাই তার বাবা বাজার থেকে মাংস কিনতে গিয়েছিলেন। বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছুক্ষণ তাকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে পাড়া-প্রতিবেশীরাও খুঁজতে শুরু করেন। এরপরেই অভিযুক্তের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। ধনিয়াখালি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনা এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্তকে মারধর করা হয়। পুলিশ গিয়ে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। আহত থাকায় তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়।।
দ্রুত তদন্তের জন্য পাঁচ সদস্যের সিট গঠন করতে নির্দেশ দেন হুগলির পুলিশ সুপার কামনাশিস সেন। সিটের নেতৃত্বে ছিলেন ডিএসপি ডি অ্যান্ড টি প্রিয়ব্রত বক্সি। ৯ ডিসেম্বর মামলায় চার্জশিট দাখিল করে পুলিশ। ১১ তারিখ চার্জ গঠন হয়।