একই মঞ্চ থেকে এসআইআর (SIR) আতঙ্কে প্রাণ হারানো ৩৬ জন রাজ্যবাসীর পরিবারের সদস্যদের হাতে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।

কল্যাণী এক্সপ্রেসওয়ে উদ্বোধন মমতার
শেষ আপডেট: 2 March 2026 17:58
দ্য ওয়াল ব্যুরো: দোলের ঠিক আগের দিন রাজ্যবাসীকে বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম (Netaji Indoor Stadium) থেকে ভার্চুয়াল মাধ্যমে সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক কল্যাণী এক্সপ্রেসওয়ের (Kalyani Expressway) আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তিনি। একই মঞ্চ থেকে এসআইআর (SIR) আতঙ্কে প্রাণ হারানো ৩৬ জন রাজ্যবাসীর পরিবারের সদস্যদের হাতে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। এরপরই উপস্থিত সকলকে দোলের প্রাক-শুভেচ্ছা জানিয়ে উৎসবে মেতে ওঠেন তিনি।
দূরত্ব কমবে অর্ধেক, সময় বাঁচবে ঘণ্টাখানেক
কলকাতা ও কল্যাণীর মধ্যে সংযোগকারী এই অত্যাধুনিক এক্সপ্রেসওয়ে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগ সূচনা করল। ৪০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি ৪ থেকে ৬ লেনের এবং সম্পূর্ণ সিগন্যাল-ফ্রি। মোট ২১টি ফ্লাইওভার বিশিষ্ট এই হাইওয়ের এক প্রান্ত নিমতায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হয়েছে। অন্য প্রান্ত সংযুক্ত হয়েছে গঙ্গার উপর নির্মীয়মাণ ঈশ্বর গুপ্ত সেতু এবং ১২ নম্বর জাতীয় সড়কের বড় জাগুলির সঙ্গে।
পশ্চিমবঙ্গ হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তত্ত্বাবধানে নির্মিত এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা। প্রশাসনের দাবি, এই এক্সপ্রেসওয়ে চালু হওয়ায় কলকাতা থেকে কল্যাণী যেতে এতদিন যে অন্তত দুই ঘণ্টা সময় লাগত, যানজট এড়িয়ে তা এখন কমে অর্ধেক হবে।
কর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়নে নয়া গতি
এই এক্সপ্রেসওয়ে চালুর ফলে ওই অঞ্চলে শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থানের অভূতপূর্ব সুযোগ তৈরি হবে বলে মনে করছে রাজ্য সরকার। উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার মানুষের দৈনন্দিন যাতায়াতের চিত্র পুরোপুরি বদলে যাবে এবং আর্থ-সামাজিক অবস্থার দ্রুত উন্নতি ঘটবে।
মানবিক মুখ মুখ্যমন্ত্রী
এ দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ‘এসআইআর’ আতঙ্কজনিত কারণে মৃতদের পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন। চাকরি পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মৃতদের পরিবারের সদস্যরা।