
মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুনীতা উইলিয়ামস
শেষ আপডেট: 19 March 2025 12:57
দ্য ওয়াল ব্যুরো: ৯ মাসের অপেক্ষার অবসান হয়েছে। বুধবার ভোরে ফের একবার পৃথিবীর আলো দেখেছেন ভারতীয় বংশোদ্ভুত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। তাঁর সঙ্গী বুচ উইলমোরও ফিরে এসেছেন পৃথিবীতে। ভারতের সঙ্গে সুনীতার যোগসূত্রের কথা সকলেই জানেন। এই নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।
সুনীতা সহ বাকি মহাকাশচারীর প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, 'আমাদের মেয়ে ফিরে এসেছে। ভারতের কন্যার ফিরে আসায় আমরা ভীষণ ভীষণ উচ্ছ্বসিত। তাঁদের সাহসকে কুর্নিশ। যারা তাঁদের সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরিয়ে আনলেন তাঁদেরও ধন্যবাদ।' এদিকে বুধবারই সুনীতা উইলিয়ামসের ফেরা নিয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিনন্দন প্রস্তাব আনার পক্ষে সওয়াল করেছে বিজেপি। দলের পরিষদীয় নেতা শঙ্কর ঘোষ এই আর্জি করেন।
Welcome Sunita Williams and Butch Wilmore back to earth, finally and safely, after so many days.
— Mamata Banerjee (@MamataOfficial) March 19, 2025
Our daughter of India returns to us, and we are deeply deeply happy and elated. We are profoundly happy for Butch Wilmore also. Hail their courage, hail their return, hail human…
এই প্রথমবার মহাকাশ যাননি সুনীতা বা উইলমোর কেউই। দীর্ঘদিন মহাকাশে থাকা, স্পেসওয়াক করার রেকর্ড রয়েছে তাঁদের। তবে, ৮ দিনের জন্য গিয়ে ৯ মাস আটকে থাকা তাঁদের দুজনের কাছেই প্রথম। একটা সময়ে সুনীতা উইলিয়ামসদের পৃথিবীতে ফেরা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। শুরু হয়েছিল রাজনৈতিক তরজাও। তবে অপেক্ষার অবসান ঘটেছে ২৮৬ দিন পর! অবশেষে পৃথিবীর আলো দেখেছেন এত মাস ধরে মহাকাশে আটকে থাকা সুনীতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর। বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ (ভারতীয় সময়) তাঁদের নিয়ে ফ্লরিডার সমুদ্রে অবতরণ করেছে স্পেস এক্স-এর মহাকাশযান।
তবে এখনই বাড়ি ফিরতে পারবেন না তাঁরা। দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে শারীরিক নানা জটিলতার সৃষ্টি হয় মহাকাশচারীদের। সুনীতারাও ব্যতিক্রম নন। তাই এতদিন মহাকাশে থাকার কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবেন না তাঁরা। পাশাপাশি মহাকাশ থেকে নতুন রোগ নিয়ে আশার আশঙ্কা থাকে, অন্যদিকে পৃথিবীর জীবাণুতেও সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁদের। তাই এখন বেশ কয়েক সপ্তাহ তাঁদের থাকতে হবে কোয়ারেন্টিনে।