
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 7 May 2024 17:08
দ্য ওয়াল ব্যুরো: বিজেপিকে মিথ্যেবাদীদের দল বলে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে এদিন বিষ্ণুপুরের পাত্রসায়েরের গরুহাট তলা মাঠের নির্বাচনী সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মিথ্যেবাদীদের দল বিজেপি বলছে, আমরা নাকি ১০০ দিনের কাজের টাকায় দুর্নীতি করেছি, তাই কেন্দ্র টাকা আটকে রেখেছে।" এরপরেই মমতা বলেন, "ওরে গর্দভের দল ভাজপা মনে রাখিস,, আমরা দুর্নীতি করিনি। বরং আমরা ১০০ দিনের কাজে ২৪ কোটি টাকা বাঁচিয়েছি।"
সভায় উপস্থিত মানুষের উদ্দেশে মমতা বলেন, "মিথ্যেবাদীদের গ্যাস বেলুনের গ্যাস খাবেন না, শরীর খারাপ হবে!"
তৃণমূল নেত্রী বলেন, এটা কেন্দ্রের ভোট। মোদী কী বলেছিল, আর কী করেছে, সেটা আপনাদের মনে করিয়ে দিতে এসেছি। বলেছিল অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পাবেন, কেউ ৫০ হাজার টাকা পেয়েছেন? বিদ্যুৎ থেকে গ্যাস, সব নাকি মোদী দরকার বিনা পয়সা দিচ্ছে! আপনাদের মধ্যে এরকম কেউ আছেন নাকি, যাকে বিদ্যুৎ বা গ্যাসের টাকা দিতে হয় না?
খানিক থেমে মমতা বলেন, "একুশের ভোটের আগে আমরা কি বলেছিলাম। লক্ষ্মীর ভান্ডার করব, করেছি, টাকাও বেড়েছে। স্টুডেন্টসদের স্মার্ট কার্ডে ১০ লাখ টাকা দিচ্ছি, কৃষকদের ১০ হাজার টাকা ভাতা, আদিবাসীদের জয়জোহার ভাতা। মনে রাখবেন-তৃণমূল বিজেপির মতো ভাঁওতাবাজ পার্টি নয়। প্রতিশ্রুতি দিলে তা রাখতে জানে।"
তৃণমূল নেত্রীর অভিযোগ, রাতের অন্ধকারে গাড়িতে করে আরএসএস আর বিজেপির লোকেরা মহিলাদের সঙ্গে নিয়ে লুকিয়ে লুকিয়ে লোকের বাড়িতে টাকা দিতে যাচ্ছে।
এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে মমতা বলেন, "আগামী দিনে বাংলায় চারটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি হচ্ছে। তার একটা ডানকুনি থেকে বিষ্ণুপুর হয়ে রঘুনাথপুর যাবে। দেড় লক্ষ চাকরি হবে। দয়া করে আর কেউ চাকরির জন্য বাইরে যাবেন না।"