
শেষ আপডেট: 14 March 2024 19:11
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিতে একডালিয়া পার্কে বসল মূর্তি। সেই মূর্তি উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠে কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন মমতা। তখনই মূর্তির মুখমণ্ডল নিখুঁত করার পরামর্শ দেন।
মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে মুখ্যমন্ত্রী বলেন, " তাঁর স্মরণে স্ট্যাচুটা করা হয়েছে ঠিকই, কিন্তু ববি আমার মনে হয় মুখমণ্ডলটা একটু দেখে নিলে হয়।" এর পরে আলো দিয়ে প্রয়াত নেতার মুখমণ্ডলকে আরও নিখুঁত করে ফুটিয়ে তোলার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। জানান, আলো দিয়ে যদিও মুখটাকে একটু নিখুঁত করা যায়।
কংগ্রেস জমানায় মাত্র ২৬ বছর বয়সে রাজ্যের সর্বকনিষ্ঠ মন্ত্রী মনোনীত হয়েছিলেন সুব্রতবাবু। দীর্ঘ রাজনীতির জীবনে চড়াই-উতরাই দেখেছিলেন। ২০২১ সালের ৪ নভেম্বর প্রয়াত হন রাজ্যের তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "সুব্রতদার নেতৃত্বেই আমি রাজনীতিটা শুরু করেছিলাম এবং শেষ দিন পর্যন্ত সম্পর্কটা আমার ছিল। মৃত্যুর দুদিন আগেই আমি গিয়েছিলাম এবং আমি সুস্থ দেখে এলাম। তারপর আমি ভাবতে পারছিনা কী করে মারা গেল।"
এদিন মুখ্যমন্ত্রীর স্মৃতিচারণে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর রাজনীতির জীবনের বহু কাহিনি উঠে এসেছে। ছাত্র রাজনীতির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায়ের উত্থান। গোড়া থেকে তাঁদের দু'জনের পারস্পরিক সুসম্পর্ক ছিল। সে কথা উল্লেখ করে মমতা আরও বলেন, "মানুষটা অনেক লড়াইয়ের সঙ্গী ছিল।" তাঁর বক্তব্যে উঠে আসে সিপিএমের অপারেশন সাই সাইনের কথা। সেই সময়ে সুব্রতবাবুকে, যে তাঁর জন্য গ্রেফতার হতে হয়েছিল, তাও স্বীকার করে নেন মুখ্যমন্ত্রী।