.jpeg)
মমতা বন্দ্যোপাধ্যায় ও অধীর চৌধুরী।
শেষ আপডেট: 16 April 2025 14:02
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের যে এলাকায় সম্প্রতি অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, সেটি মালদহ লোকসভার মধ্যে পড়ে। এবং সেখানকার বিধায়ক কংগ্রেসের। বুধবার নেতাজি ইনডোরের সভা থেকে এই তথ্য জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এরপরই সরাসরি কংগ্রেসকে (Congress) আক্রমণ করে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, "যেখানে অশান্তি হয়েছে সেটা মুর্শিদাবাদের নয়, মালদহের সিট। কংগ্রেসের সিট। জেতার সময় জিতবে। দাঙ্গা হলে বেরোবে না।"
ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Amendment Act) বিরোধিতায় শুক্রবার থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। এখন পরিস্থিতির খানিক উন্নতি হয়েছে। বুধবার থেকে নতুন করে তেমন কোনও গন্ডগোলের খবর মেলেনি জঙ্গিপুর, ধুলিয়ান, সামশেরগঞ্জ বা সুতি থানা এলাকায়। তবে ওই অশান্তির ঘটনা সামলাতে কংগ্রেসের সাংসদ বা নেতাদের দেখা যায়নি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।
মুর্শিদাবাদের ঘটনায় রাজ্য পুলিশ এবং শাসকদলকে আক্রমণ করে মঙ্গলবারের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশে বড় প্রশ্ন ছুড়েছিলেন অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রশ্ন তোলেন, "বাইরের রাজ্যে কিছু হলে দলের প্রতিনিধিদের পাঠিয়ে খোঁজ খবর নেন মমতা, অথচ সামশেরগঞ্জ-জঙ্গিপুরের বেলায় মুখ্যমন্ত্রীর কেন কোনও উচ্চবাচ্য নেই? কেন তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন না?"
অধীর এও বলেছিলেন, "তাহলে কি জঙ্গিপুর, সামশেরগঞ্জ অচ্ছুৎ? এখানকার মানুষ কি ভোট দেননি? মুর্শিদাবাদের সাংসদরা কি আপনার দলের নয়? তাহলে কেন তাঁদের মানুষের পাশে থাকতে দেখা যাচ্ছে না?" তৃণমূল পরিকল্পিতভাবে উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ করেছিলেন অধীর।
এদিন সরাসরি অধীরের নাম অবশ্য উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী। পর্যবেক্ষকদের অনেকের মতে, কংগ্রেসের নাম উল্লেখ করে পরোক্ষে অধীরকেই বার্তা দিয়েছেন মমতা।
মমতা এও বলেছেন, "আমি উস্কানি দিতে আসিনি। শান্তির বার্তা দিতে এসেছি।" দাবি করেছেন, "মুর্শিদাবাদের অশান্তিতে তৃণমূলের তিনজন এমএলএ আক্রান্ত হয়েছেন, তৃণমূলের পার্টি অফিসেও হামলা হয়েছে।"
তবে তিনি থাকতে বাংলায় যে অশান্তি বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মাছ ধরতে নেমে কেউ যদি দাঙ্গায় প্ররোচনায় দেয়, সে যেই হোক, আমার কাছে ক্ষমা পাবে না। বাংলার মাটিকে রক্তাক্ত হতে, বিষাক্ত হতে দেব না। শান্তি থাকলে সব হবে, কিন্তু শান্তি নষ্ট করে নিজের পায়ে কুড়ুল মেরে বিজেপির সুবিধা করে দেবেন না।"