
শেষ আপডেট: 22 August 2023 09:31
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভার বাদল অধিবেশনের মধ্যে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন আইন মন্ত্রী মলয় ঘটক (Maloy Ghatak)। ইতিমধ্যে বিধানসভা থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বেলভিউ হাসপাতালে।
জানা গিয়েছে, বিধানসভার প্রথমার্ধের পর নিজের ঘরেই কাজ করছিলেন তিনি। আচমকা অসুস্থতা বোধ করেন। বিধানসভার মেডিক্যাল অফিসার প্রাথমিক পরীক্ষার পর দেখেন, মন্ত্রীর রক্তচাপ কমে গিয়েছে। যার জেরে দ্রুত অসুস্থতা বাড়তে থাকে তাঁর। কোনও রকম ঝুঁকি না নিয়ে এরপরই হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
আইনমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে দ্রুত তাঁর রুমে পৌঁছন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সহ রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়কেরা। এক বিধায়কের কথায়, "রক্তচাপজনিত সমস্যার কারণে দ্রুত অসুস্থতা বাড়তে থাকে মলয়বাবুর। হুইল চেয়ারে করে তাঁকে গাড়িতে তোলা হয়।"
আইনমন্ত্রীর সঙ্গে রয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Maloy Ghatak) সহ রাজ্য মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী এবং বিধায়ক। খবর দেওয়া হয়েছে মন্ত্রীর বাড়িতেও। বেলভিউয়ের চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা করছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রক্তচাপজনিত সমস্যার জেরেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মলয় ঘটক।
আরও পড়ুন: গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার হাওড়ায়, মিছিল আটকে দিল পুলিশ