
শেষ আপডেট: 15 April 2023 14:01
দ্য ওয়াল ব্যুরো: নিজে পুরুষ হয়েও সেই পরিচয় লুকিয়ে মহিলা সেজে তাঁদেরই পোশাক পরে (cross dressing) হিলাদের জন্য আয়োজিত দাবা টুর্নামেন্টে ঢুকে পড়লেন ২৫ বছর বয়সি এক যুবক (Chess Player)। বেশ কয়েক রাউন্ড জিতেও গেলেন তিনি। তবে শেষ রক্ষা হল না। টুর্নামেন্ট শুরুর আগেই ধরা পড়ে গেলেন তিনি। খেলা থেকে বাদ দিয়ে দেওয়া হল তো বটেই, সঙ্গে তাঁর পাওয়া সমস্ত পয়েন্টও কেড়ে নেওয়া হল।
ঘটনাটি ঘটেছে কেনিয়াতে (Kenya)। অভিযুক্তের নাম স্ট্যানলি ওমন্ডি। গত সপ্তাহ কেনিয়ার রাজধানী নাইরোবিতে বার্ষিক দাবা প্রতিযোগিতা কেনিয়া ওপেন টুর্নামেন্ট চলছিল। এই বছর ২২টি দেশ থেকে অন্তত ৪০০ জন দাবাড়ু সেই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। সেখানেই মহিলাদের টুর্নামেন্টে নিজের নাম এবং পোশাক বদলে ঢুকে পড়েন স্ট্যানলি।
সূত্রের খবর, একটি বোরখা এবং চশমা পরে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ওই যুবক। নিজের নাম মিলসেন্ট আউর বলে নথিভুক্ত করেছিলেন তিনি। পরপর চারটি রাউন্ডে তিনি জিতে যাওয়ায় তাঁকে সন্দেহ করতে শুরু করেন টুর্নামেন্টের কর্মীরা। যদিও তাঁরা প্রাথমিকভাবে এই বিষয়ে হস্তক্ষেপ করতে ইতস্তত করছিলেন। কিন্তু চতুর্থ রাউন্ডের পর স্ট্যানলিকে একটি আলাদা ঘরে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই চাপের মুখে সব কথা স্বীকার করেন যুবক।
তিনি জানিয়েছেন, তিনি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া। বাড়িতে আর্থিক পরিস্থিতি ভাল নয়। টাকার জন্যই তিনি এমন কাজ করতে বাধ্য হয়েছিলেন বলে একটি চিঠিতে জানিয়েছেন স্ট্যানলি। 'আমি আমার কাজের জন্য অত্যন্ত দুঃখিত এবং এর জন্য যে কোনও রকম শাস্তি পেতে আমি রাজি,' জানিয়েছেন ওই যুবক।
তবে এই ঘটনা সামনে আসার পরেই টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে স্ট্যানলিকে। চতুর্থ রাউন্ড পর্যন্ত তিনি যা পয়েন্ট পেয়েছিলেন সে সমস্ত কিছুই দিয়ে দেয়া হয়েছে তাঁর প্রতিপক্ষদের।
রেণু কৃত্রিম হাত পেলেন! স্বামী চাকরি করতে দেবে না বলে কব্জি কেটে নিয়েছিল