
হবিবপুর থানা
শেষ আপডেট: 5 November 2024 13:27
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কণ্ডের আবহেই ফের ধর্ষণে নাম জড়াল আরও এক সিভিক ভলান্টিয়ারের। এবার বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল মালদার জেলা পুলিশের ওই সিভিকের বিরুদ্ধে।
কালীপুজোর রাতে বাড়িতে একা ছিলেন গৃহবধূ। রাত ৯টা নাগাদ জোর জবস্তি ওই সিভিক ভলান্টিয়ার বাড়িতে ঢুকে পড়ে বলে অভিযোগ। এর পর শারীরিক নির্যাতন শুরু করে সে। ধর্ষণের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। অভিযুক্তের হাত থেকে বাঁচতে চিৎকার করেন নির্যাতিতা। সেই চিৎকার শুনে প্রতিবেশী ও তাঁর মা-বাবা ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় ওই সিভিক।
নির্যাতিতার বাবা-মায়ের অভিযোগ প্রতিবাদ করায় মেয়ে ও তাঁদের মারধর করা হয়। ঘটনার পর দিনই স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে দীর্ঘক্ষণ ধরে থানায় বসিয়ে রাখার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
সূত্রের খবর, এখনও অভিযুক্তকে ধরেনি পুলিশ। থানায় করা অভিযোগ তুলে নিতে বলে ওই সিভিক ভলেন্টিয়ার চাপ আর হুমকি দিচ্ছে বলেও অভিযোগ নির্যাতিতার।
হবিবপুর থানার পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ তুলে মালদা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন নির্যাতিতা। যদিও তারপর অভিযোগ নেওয়া হয়। গোটা ব্যাপারটা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়। সেও কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। বারবার সিভিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। রাজ্য কী পদ্ধতিতে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করে, তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ আছে কিনা তা সব যাচাই করা, কীভাবে বেতন দেওয়া হয় তাঁদের সে সব ব্যাপারেই রাজ্যকে হলফনামা দিতে বলে শীর্ষ আদালত। আজ সেই মতো রাজ্য হলফনামা জমাও দিয়েছে। এত কিছুর মধ্যেই ফের এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল।