
শেষ আপডেট: 21 January 2023 06:40
দ্য ওয়াল ব্যুরো: ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়া জোশীমঠের (Joshimath) মানুষকে সাহায্য করবেন বলে ঠিক করেছিলেন। তাই ত্রাণ সামগ্রী নিয়ে রওনা হয়েছিলেন উত্তরাখণ্ডের পথে। কিন্তু অদৃষ্টে অন্য কিছু লেখা ছিল তাঁর। জোশীমঠের কাছেই পাহাড়ি ছাদে গাড়ি পড়ে গিয়ে মৃত্যু হল এক মালায়ালি পাদ্রীর (Malayali priest dies)।
মৃতের নাম ফাদার মেলভিন আব্রাহাম পল্লিথাঝাথু (Fr Melvin Abraham Pallithazhathu)। ৩৭ বছর বয়সি ওই পাদ্রী কেরলের কোঝিকোড় জেলার চাক্কিট্টাপাড়ার বাসিন্দা। সম্প্রতি জোশীমঠে ভয়াবহ বিপর্যয়ের খবর পেয়েই সেখানকার মানুষকে সাহায্য করবেন বলে মনস্থির করেন ফাদার মেলভিন। গত ১৯ জানুয়ারি কোটদ্বার থেকে একাই গাড়ি চালিয়ে প্রাণ সামগ্রী নিয়ে ৩০০ কিলোমিটার দূরে জোশীঠের উদ্দেশে রওনা হন তিনি।
যাত্রা শুরু করার আগে তাঁর কর্মসূচির খুঁটিনাটি ভিডিও রেকর্ড করেছিলেন ফাদার কেলভিন। তা থেকেই জানা গেছে, ভূমিধস কবলিত ২০-২৫টি পরিবারের জন্য প্রয়োজনীয় খাবার এবং অন্যান্য জিনিস নিয়ে রওনা হয়েছিলেন তিনি। নিজেই গাড়ি চালাচ্ছিলেন ফাদার মেলভিন। আবহাওয়া ভাল, রাস্তায় কোথাও কুয়াশা ছিল না বলেই জানা গেছে রেকর্ডিং থেকে।
সূত্রের খবর, জোশীমঠের কাছাকাছি এলাকায় বরফে ঢাকা রাস্তায় ফাদার মেলভিনের গাড়ির চাকা হড়কে যায়। দুর্ঘটনার সম্ভাবনা দেখেই ছুটে আসেন স্থানীয়রা। গাড়িটিকে টেনে তোলার চেষ্টা করেন তাঁরা। কিন্তু তাঁদের সমস্ত চেষ্টা বিফলে যায়। রাস্তা থেকে পিছলে ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায় তাঁর গাড়িটি।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। বৃহস্পতিবার রাতে ফাদার মেলভিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তারা।
মস্কো-গোয়া বিমানে ফের বোমাতঙ্ক! ২৩৮ জন যাত্রী নিয়ে প্লেন গেল উজবেকিস্তানে