
গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ
শেষ আপডেট: 4 July 2024 11:26
দ্য ওয়াল ব্যুরো: আড়িয়াদহে মা-ছেলেকে রাস্তা ফেলে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত অবশেষে গ্রেফতার। এতদিন ৮ জনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত জয়ন্ত সিং-এর নাগাল পাচ্ছিল না পুলিশ। বৃহস্পতিবার ডানলপের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সামনে থেকে তাকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। গোপন সূত্রে পুলিশ জানতে পেরেছিল জয়ন্ত সেখানে কারোর সঙ্গে দেখা করতে আসবে। সেখান থেকেই তাকে পাকড়াও করে পুলিশ।
গত রবিবার আড়িয়াদহের ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছিল রাজ্যে। ঘটনার সিসিটিভি ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, রাস্তার উপরে মা এবং ছেলের উপর ঝাঁপিয়ে পড়ে বেধড়ক মারছে কয়েকজন। ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। স্থানীয় সূত্রে খবর, যাকে মারা হয়েছে সেই যুবকের সঙ্গে তাঁর বন্ধুদের ঝামেলা হয়েছিল। ছোটদের মধ্যে সেই ঝামেলাই বড় আকার নেয়। পরে জয়ন্ত সিং এবং তার দলবল ওই যুবককে বেধড়ক মারধর করে। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার মাও।
মা ও ছেলে দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত যুবক সায়নদীপ পাঁজার অবস্থা সংকটজনক। তাঁর হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। অন্যদিকে, সায়নদীপের মা বুলবুল পাঁজারও অবস্থা গুরুতর। গত মঙ্গলবার তাঁর অপারেশন হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর দুটি দাঁত ভেঙে রাস্তায় পড়ে যায়। আরও দুটি দাঁত মারির মধ্যে ঢুকে গেছে। ফলে ওই মহিলা কথা বলতে পারছেন না।
এদিকে অভিযুক্ত জয়ন্ত সিংয়ের সঙ্গে মদন মিত্র এবং তাঁর বৌমা মেঘনা মিত্রর ছবি প্রকাশ্যে এসেছে। তা নিয়ে শুরু হয়েছে অন্য বিতর্ক। এই নিয়ে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিয়ে কামারহাটির বিধায়ক বলেন, ''আমার সঙ্গে কারও ছবি থাকতেই পারে, আমার কোনও দায় নেই। আমার সঙ্গে সবাই মেলামেশা করে, আমি কী করব? ক্রাইমের দায় আমার নয়।''