
প্রোমোটারকে মারধরের সিসিটিভি ফুটেজ
শেষ আপডেট: 14 July 2024 12:47
দ্য ওয়াল ব্যুরো: এলাকায় প্রোমোটারি করতে গেলে পাঁচ লক্ষ টাকা দিতে হবে। আর সেই টাকা দিতে অস্বীকার করায় প্রোমোটারকে মারধর, অফিসে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। কাশীপুরের সেই ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রাণাকে রবিবার গ্রেফতার করেছে পুলিশ।
তোলা না দেওয়ায় শুক্রবার মধ্যরাতে কাশীপুরে প্রোমোটারের অফিসে ঢুকে অভিযুক্ত অভিজিতের নেতৃত্বে কয়েকজন যুবকের তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে হইচই পড়ে যেতেই শনিবার দুই অভিযুক্ত জীতেন কুমার পাল, কানওয়ালজিৎ ওরফে কানুকে গ্রেফতার করে পুলিশ। এরপর রবিবার মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডলকে খড়গপুর থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, সিথিঁর রাজেন্দ্র নাথ রায়চৌধুরি লেনে অভিজিৎ সরকার নামে এক প্রোমোটার একটি বহুতল নির্মাণের কাজ করছিলেন। অভিজিৎ জানিয়েছেন, ওই বহুতল যেখানে উঠছে সেখানে আগে ভাড়া ছিলেন এমন বেশ কয়েকজনকে 'সেটলমেন্ট' করানোর কথা দীর্ঘদিন ধরে বলে আসছেন স্থানীয় তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রাণা দাস। কিন্তু প্রোমোটার বলেন যে তিনি নিজেই ভাড়াটেদের সঙ্গে বিষয়টি বুঝে নেবেন।
অভিযোগ, এরপরই প্রোমোটারের থেকে রাণা ৫ লক্ষ টাকা চায়। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করায় শুক্রবার রাতে প্রোমোটারের অফিসে ঢুকে তাণ্ডব চালায় বেশ কয়েকজন যুবক। বেধড়ক মারধর করা হয় ওই প্রোমোটার অভিজিৎকে। গুরুতর জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রোমোটার।
সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, তিনটি বাইকে আট-দশ জন যুবক প্রোমোটারের অফিসে চড়াও হয়। অফিস ঘর থেকে টাকা লুটেরও অভিযোগ উঠেছে। এমনকী হামলা চালানোর সময়ে সিসিটিভি লক্ষ্য করার পর সেগুলি ভেঙে ফেলে হামলাকারীরা। জয়ন্ত বাহিনীর তাণ্ডবে তছনছ হয়ে যায় প্রোমোটারের অফিস।
আক্রান্ত প্রোমোটার জানিয়েছেন, হামলাকারীরা নিজেদের জয়ন্ত কিং এবং কলকাতা পুরসভার ডেপুটি অতীন ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচয় দেন। এপ্রসঙ্গে অতীন ঘোষ জানিয়েছেন, মূল অভিযুক্তকে রাণাকে তিনি চেনেন। কিন্তু রাণা সত্যি ঘটনার সঙ্গে জড়িত থাকলে উপযুক্ত শাস্তি পাবে বলেও।