
শেষ আপডেট: 2 January 2024 20:37
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা থেকে তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে ফের সিবিআইয়ের কাছে নালিশ জানালেন তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ড জয় অনন্ত দেহাদরাই। এই একই অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর কাছেও জানিয়েছেন জয়।
মহুয়ার এই প্রাক্তন বয়ফ্রেন্ড সুপ্রিম কোর্টের আইনজীবী। প্রশ্ন ঘুষ কাণ্ডে মহুয়ার বিরুদ্ধে তিনি এর আগে সিবিআইয়ের কাছে এক দফা অভিযোগ জানিয়েছেন। তাঁর দাবি ছিল, শিল্পপতি দর্শন হীরানন্দানির সঙ্গে মিলে গৌতম আদানি তথা আদানি শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করেছিলেন।
এবার সিবিআই ডিরেক্টরের প্রবীণ সুদের কাছে চিঠি লিখে জয় অনন্ত দেহাদরাই আশঙ্কা প্রকাশ করেছেন যে তাঁর ফোনে বেআইনি ভাবে আড়িপাতা হতে পারে বা নজরদারি চালানো হতে পারে। তাঁর অভিযোগ, মহুয়া এর আগেও তাঁর এক প্রাক্তন বয়ফ্রেন্ডের ফোনে এভাবে নজরদারি চালিয়েছিলেন। পশ্চিমবঙ্গ পুলিশের কোনও অফিসারের সাহায্য নিয়ে সুহান মুখোপাধ্যায় নামে সেই বয়ফ্রেন্ডের কল ডিটেল রেকর্ড বের করেছিলেন। কারণ, তাঁর সন্দেহ ছিল সুহান মুখোপাধ্যায়ের সঙ্গে হেলেনা লার্চ নামে এক মহিলার সম্পর্ক রয়েছে।
জয় অনন্তের দাবি, সেই কল ডিটেল রেকর্ড তাঁকে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিলেন মহুয়া। সেই সব হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটও সিবিআইয়ের কাছে পেশ করেছেন জয় অনন্ত। তাঁর অভিযোগ, মহুয়া তাঁর ক্ষমতা অপব্যবহার করে পশ্চিমবঙ্গ পুলিশের মাধ্যমে নজরদারি চালানোর কাজ আগেও করেছেন। তাঁর আশঙ্কা যে তাঁর ফোনেও আড়ি পাতা হচ্ছে বা নজরদারি চালানো হচ্ছে। এমনকি তাঁর গাড়ি ফলো করা হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন জয় অনন্ত দেহাদরাই।
A complaint filed by @jai_a_dehadrai to cbi - alleges @MahuaMoitra used Bengal police to snoop on him and put him under surveillance - pic.twitter.com/fEo5SeCO9K
— pallavi ghosh (@_pallavighosh) January 2, 2024