
মহুয়া মৈত্র
শেষ আপডেট: 3 April 2024 12:02
দ্য ওয়াল ব্যুরো: অর্থ নয়ছয় ও হিসাব বহির্ভূত খরচের অভিযোগে মহুয়া মৈত্রকে তলব করেছিল ইডি। কিন্তু তিনি সেই ডাকে সাড়া দেননি। মঙ্গলবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নতুন এক মামলা দায়ের করেছে কেন্দ্রীয় এজেন্সি। তারপরই সোশ্যাল মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন মহুয়া। কী বললেন তিনি?
আবগারি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে দিল্লির মু্খ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিহার জেলে রয়েছেন। আপ সরকারের মন্ত্রী অতিশী সম্প্রতি দাবি করেন, বিজেপিতে যোগ না দিলে জেলে পাঠানো হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। মহুয়া মৈত্রর বিরুদ্ধে ইডির অভিযোগও নতুন কিছু নয়। তাঁকে এর আগে দুবার তলব করেছিল ইডি। দুবারই তিনি হাজিরা এড়িয়ে যান। তবে মঙ্গলবার দায়ের হওয়া নতুন মামলার প্রেক্ষিতে মহুয়া এক্স হ্যান্ডেলে লিখেছেন, ''বিজেপির দরজা খোলা, চলে এসো না হলে এবার, তিহার!'' এই পোস্টের সঙ্গে মহুয়া একটি সংবাদের শিরোনামের ছবি দেন বিভিন্ন দুর্নীতি মামলায় বিরোধী নেতাদের বিরুদ্ধে অভিযোগ এবং তারপর তাঁদের দলবদলের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।
— Mahua Moitra (@MahuaMoitra) April 3, 2024
তৃণমূল প্রার্থীর স্পষ্ট অভিযোগ, ভোটের আগে বিরোধী নেতা-নেত্রীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি। এটা প্রতিহিংসার রাজনীতি ছাড়া কিছুই নয়। এইভাবে মামলার ভয় দেখিয়ে বিরোধী শিবির থেকে নেতাদের নিজেদের দলে টানার চেষ্টা করা হচ্ছে। কেউ বিজেপিতে যোগ দিলে তাঁর বিরুদ্ধে হওয়া মামলার গতি কমে যাবে। এমনই ইঙ্গিত দেওয়ার চেষ্টা হচ্ছে। কেউ সেই শর্তে রাজি না হলেই তাঁকে জেলে ঢোকানোর ভয় দেখাচ্ছে বিজেপি।
গত সপ্তাহেই লোকপালের নির্দেশে সিবিআই মহুয়া মৈত্রর কলকাতার বাড়িতে তল্লাশি চালিয়েছিল। ওই ঘটনার পর মহুয়া নির্বাচন কমিশনের কাছে সিবিআইয়ের বিরুদ্ধে তাঁকে হেনস্তার অভিযোগ আনেন। ইচ্ছাকৃতভাবে ভোটের প্রচারে বাধা দানের চেষ্টা চলছে বলেও তৃণমূল প্রার্থীর অভিযোগ। তার মধ্যে প্রথম দফার ভোট শুরুর সপ্তাহ দুয়েক আগে ফের তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির মামলায় রাজনৈতিক পরিস্থিতি সরগরম।