দ্য ওয়াল ব্যুরো : শীঘ্রই নতুন আবগারি নীতি ঘোষণা করতে চলেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার (BJP Government)। তাতে মহুয়া থেকে তৈরি মদকে আইনসম্মত করা হয়েছে। ওই মদ ‘হেরিটেজ লিকার’ হিসাবে বিক্রি হবে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সোমবার বলেন, নতুন আবগারি নীতিতে আদিবাসীদের মহুয়া তৈরির অনুমতি দেওয়া হবে। তাঁরা সেই মদ বিক্রিরও অনুমতি পাবেন। একইসঙ্গে চৌহান জানান, আগামী দিনে বনভূমি রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দেওয়া হবে আদিবাসীদেরই। তাঁরা গাছ পুঁতবেন। গাছের কাঠ ও ফলেরও মালিক হবেন তাঁরা। আদিবাসীদের বনভূমির অধিকার দেওয়ার জন্য রাজ্য সরকার যে প্রকল্প তৈরি করছে, তার নাম ‘মুখ্যমন্ত্রী আওয়াসিয়া ভূ-অধিকার যোজনা’।
ইতিমধ্যে মধ্যপ্রদেশে ৮৯ টি ট্রাইবাল ডেভলপমেন্ট ব্লকে শুরু হয়েছে ‘রেশন আপকে গাঁও’ প্রকল্প। এই প্রকল্পে গ্রামে গ্রামে গাড়ি গিয়ে রেশন বিলি করছে। রেশন বিলি করার গাড়ি কেনার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ পাচ্ছেন আদিবাসী যুবকরা। সেই ঋণের একাংশ শোধ করছে সরকার।
মুখ্যমন্ত্রী বলেন, আদিবাসীদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা বা তুচ্ছ অভিযোগে মামলা করা হয়েছে, তা তুলে নেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় সাহায্য করা হবে আদিবাসীদের। আগামী বছরে তাঁদের তেণ্ডু পাতা বিক্রির অধিকার দেওয়ার কথাও ভাবা হচ্ছে। চৌহান দাবি করেন, আদিবাসী অঞ্চলে সুদখোরদের দৌরাত্ম্য বন্ধ করা হয়েছে। আদিবাসী যুবকদের পুলিশে ও সেনাবাহিনীতে নিয়োগের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থির করেছেন, প্রতি বছর ১৫ নভেম্বর জাতীয় গৌরব সপ্তাহ পালন করবেন। তখন এক সপ্তাহ ধরে আদিবাসী সংস্কৃতিকে দেশের সামনে তুলে ধরা হবে। চলতি বছরে তিনি ভোপাল থেকে ওই উৎসবের সূচনা করেন। গত সোমবার ওই উৎসবের সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে রামনগর মণ্ডলে গিয়েছিলেন চৌহান। সেখানে তিনি ৬০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের জন্য ভূমি পূজন করেন।