দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রে চার বছর আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন আশিস দেশমুখ। বিদর্ভের কাটোল কেন্দ্র থেকে বিধায়কও হয়েছিলেন। কিন্তু রাফায়েল দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে দল এবং বিধায়ক পদ ছাড়লেন গত বুধবার। বাজারে গুজব, তিনি আবার কংগ্রেসেই ফিরে যেতে পারেন।
মঙ্গলবার আশিস কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেছেন, মহারাষ্ট্র সরকারের দুটি প্রকল্প ম্যাগনেটিক মহারাষ্ট্র ও স্কিল ইন্ডিয়া বাস্তবে ব্যর্থ হয়েছে। তার ওপরে রয়েছে রাফায়েলের মতো বড় মাপের দুর্নীতি।
রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম তাঁর থেকে অনেক কিছু আশা করে।
বিজেপির এক মুখপাত্র জানিয়েছেন, এখনই আশিসের ইস্তফাপত্র গৃহীত না হতে পারে। কিছুদিনের মধ্যেই মহারাষ্ট্র বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হবে। সরকার তার আগে উপনির্বাচন চায় না।