
শেষ আপডেট: 4 July 2022 02:32
দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েকদিন ধরে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির টালমাটাল অবস্থা (Maharasthra Political Crisis)। বুধবারের রাতে সব অঙ্ক ওলট-পালট হয়ে যায়। মুখ্যমন্ত্রীর গদি ছেড়ে দেন উদ্ধব ঠাকরে, নতুন মুখ্যমন্ত্রী হন তাঁরই দলের বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde)। একই দলে দুই বিভাজন। আজ, সোমবারই কি সেই নাটকের যবনিকা পতন ঘটতে চলেছে? কারণ আজই বিধানসভায় সভায় একনাথ শিবিরকে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে হবে।
রাজনৈতিক মহলের মতে, নিয়ম মাফিক ফ্লোর টেস্টের (Trust Vote) মুখে পড়তে হচ্ছে একনাথকে। তবে খুব বড়সড় মীরাক্কেল না ঘটলে এই পরীক্ষাতেও সহজেই উত্তীর্ণ হয়ে যাবেন তিনি। দু'দিনের বিশেষ অধিবেশনে সেই পরীক্ষা আছে আজ।
এমনিতেই আস্থা ভোটে আগে বড়সড় ধাক্কা খেয়েছে উদ্ধব শিবির। গতকালের স্পিকার নির্বাচনের ভোটে হারতে হয়েছে তাদের। নতুন স্পিকার হয়েছেন বিজেপির রাহুল নরওয়েকর। তাঁর সভাপতিত্বেই এদিন আস্থা ভোট হবে বিধানসভায়।
এদিকে, আরও একটি সাফল্যের পালক জুড়েছে শিন্ডের মুকুটে। তিনিই এখন তাঁর দলের দলনেতা। বিধানসভায় বিধান পরিষদীয় দলনেতা পদে থাকা শিবসেনার অজয় চৌধুরীকে সরিয়ে শিন্ডেকে নতুন নেতা হিসেবে নির্বাচন করলেন স্পিকার।
এতদিন এই পদেই ছিলেন একনাথ। কিন্তু বিদ্রোহ ঘোষণা করার পরেই তাঁকে ওই পদ থেকে সরিয়ে দিয়েছিলেন উদ্ধব। সেই জায়গায় বিধান পরিষদীয় দলনেতা করা হয়েছিল অজয়কে। মূখ্যমন্ত্রী হওয়ার পর সেই পুরনো পদ ফিরে পেলেন তিনি।
শুধু তাই নয়, শিবসেনার মুখ্য হুইপ পদেও বসানো হয়েছে শিন্ডে শিবিরের বিধায়ককে। ভারত গোগাওয়ালের নাম এই পদের জন্য ঘোষণা করেছেন স্পিকার।