
প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 February 2025 16:44
দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিক পরীক্ষা দিতে দিতেই অসম্ভব পেটে যন্ত্রণা। পরীক্ষার্থীকে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছে ওই পরীক্ষার্থীর। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে। নাবালককে একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।
জলপাইগুড়ির ময়নাগুড়ির এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, চ্যাংমারি হরেন্দ্র নাথ হাই স্কুল থেকে মাধ্যমিকে বসেছিল অভিজিৎ রায় নামের ওই ছাত্র। প্রথম দুটি পরীক্ষাতে কোনও অসুবিধা হয়নি। তবে তৃতীয় পরীক্ষা দিতে দিতেই তার অসহ্য পেটে যন্ত্রণা শুরু হয়। শিক্ষকরা প্রথমে বুঝতে পারেননি যে কী হয়েছে। কিছু সময়ে পরে ছাত্রের পেটের ব্যাথা না কমলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।
স্কুল সূত্রে খবর, প্রথম অভিজিতকে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হলে তাকে স্থানান্তরিত করা হয় এক বেসরকারি হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়। কী কারণে নাবালকের মৃত্যু হল?
হাসপাতাল সূত্রে খবর, ওই ছাত্রের ক্ষুদ্রান্ত্রের ডিওডিনাম অংশে একটি ছিদ্র ছিল। সেখান থেকে খাবারের এবং বর্জ্যপদার্থের অংশ পেটের মধ্যে বেরিয়ে আসত। তা জমাট বেঁধে যন্ত্রণা হত পেটে। দীর্ঘদিন ধরেই এমন রোগে ভুগছিল সে। পেটে পচনও ধরতে শুরু করেছিল। একাধিক অস্ত্রোপচার করেও লাভ পাননি চিকিৎসকরা।