
মাধ্যমিকের মেধা তালিকায় হুগলির দুই ছাত্র । নীলাঙ্কন মণ্ডল ও তপোজ্যোতি মণ্ডল -নিজস্ব চিত্র
শেষ আপডেট: 2 May 2024 14:33
দ্য ওয়াল ব্য়ুরো, হুগলি: এবারের মাধ্যমিক ফলাফলে (Madhyamik Result 2024) ৬৯০ নম্বর পেয়ে মেধা তালিকার চতুর্থ স্থানে কামারপুকুরের ছেলে তপোজ্যোতি মণ্ডল। কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের ছাত্র সে। পড়াশোনার পাশাপাশি গান নিয়েও চর্চা রয়েছে। রবীন্দ্রসঙ্গীত ও ভক্তিমূলক গানে অনায়াস বিচরণ। আগামী দিনে ডাক্তার হতে চায় তপজ্যোতি।
তপজ্যোতির বাবা সব্যসাচী মণ্ডল তাতালপুর হাইস্কুলের ভূগোলের শিক্ষক। বাড়ি সামলান মা অদিতি মণ্ডল। ক্লাস টেনে সবক'টি বিষয়েই শিক্ষক ছিল তপজ্যোতির। মাধ্যমিকের মেধা তালিকায় ছেলে জায়গা করে নেওয়ার পর বাবা সব্যসাচী মণ্ডল বলেন, "কামারপুকুর রামকৃষ্ণ প্রাইমারি স্কুলের ক্লাস ওয়ান থেকেই পড়াশোনা করছে তপজ্যোতি। বরাবরই পড়াশোনায় ভাল। আশা করেছিলাম এক থেকে দশের মধ্যে ব়্যাঙ্ক করবে (Madhyamik Result 2024)। চতুর্থ হয়েছে, আমরা খুশি।" তপজ্যোতির মা জানান, তার পড়ার নির্দিষ্ট কোনও সময় ছিল না, যখন ইচ্ছে হত তখন পড়াশোনা করত। তবে ভালবেসেই পড়ত।
হুগলির আরেক কৃতী ছাত্র নীলাঙ্কন মণ্ডলও মাধ্যমিকের মেধা তালিকায় (Madhyamik Result 2024) দশম স্থান অধিকার করেছে। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৪ । বাড়ি পাণ্ডুয়া স্টেশন রোডে। নীলাঙ্কন ব্যান্ডেল এলিট কো-এড স্কুলের ছাত্র। নীলাঙ্কনের বাবা পার্থ সারথী মণ্ডল কালনা শ্রী শ্রী নীগমানন্দ বিদ্যামন্দিরের পদার্থবিজ্ঞানের শিক্ষক। মা সুজাতা ঘর সামলান। সুজাতা জানালেন, ছোটবেলা থেকেই গল্পের বই পড়া এবং গিটার বাজানোর শখ নীলাঙ্কনের। বাংলা এবং পদার্থ বিজ্ঞান ছাড়া বাকি পাঁচটি বিভাগে পাঁচজন শিক্ষক ছিল তার। বাবা পদার্থ বিজ্ঞানের শিক্ষক হওয়ায় বাবার কাছেই পদার্থ বিজ্ঞান পড়ত নীলাঙ্কন। আগামীদিনে পদার্থ বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চায় নীলাঙ্কন।