
সকল পড়ুয়াদের শুভেচ্ছাবার্তা জানালেন মুখ্যমন্ত্রী
শেষ আপডেট: 2 May 2024 12:21
দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় বৃহস্পতিবার তার ফলাফল বেরিয়েছে। এবার মাধ্যমিকে পাশ করেছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন। চলতি বছরও মাধ্যমিকে জেলার জয়জয়কার হয়েছে। ফলাফল প্রকাশের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল পড়ুয়াদের শুভেচ্ছাবার্তা দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, ''মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের আগামী দিনগুলি সাফল্যমন্ডিত হোক, এই প্রার্থনা করি।'' প্রসঙ্গত, এই বছর ন’লক্ষেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছিল। তাতে পাশের হার ৮৬.৩১ শতাংশ।
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
— Mamata Banerjee (@MamataOfficial) May 2, 2024
তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন ।
তোমাদের আগামী দিনগুলি সাফল্যমন্ডিত হোক, এই প্রার্থনা করি।
পর্ষদের তরফে জানানো হয়েছে, পাশের হারে একেবারে শীর্ষে কালিম্পং, দু'নম্বরে রয়েছে মেদিনীপুর, তিন নম্বরে কলকাতা। পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৫৭ জনের নাম। দক্ষিণ ২৪ পরগনার ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের ৭ জন, পূর্ব মেদিনীপুরের ৭ জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলি থেকে ২ জন, নদিয়ার ২ জন, হাওড়ার ১ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার ১ জন, পুরুলিয়ার ১ জন, উত্তর দিনাজপুরের ১ জন।
এ বছর মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের রামঘোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। ৬৯২ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু। তৃতীয় স্থানে রয়েছে তিনজন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ, বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভ স্কুলের ছাত্রী পুস্পিতা বাঁসুরি ও দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণের ছাত্র নৈরিতরঞ্জন পাল। তিন জনের প্রাপ্ত নম্বর ৬৯১।