
মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আপডেট মধ্যশিক্ষা পর্ষদের।
শেষ আপডেট: 22 April 2024 20:26
দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিকের রেজাল্ট এপ্রিলের শেষে বেরোবে না তা একপ্রকার নিশ্চিত হয়ে গেছে। সোমবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে আভাস দেওয়া হল যে সব ঠিকঠাক থাকলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানালেন, মাধ্যমিকের ফলপ্রকাশের জন্য যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে পর্ষদ। তবে ঠিক কোনদিন মাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে, তা নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।
১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট চলবে ১ জুন অবধি। ভোটের আবহে মাধ্যমিকের ফলপ্রকাশ হবে কিনা সে নিয়ে সংশয় ছিল। তবে পর্ষদ সভাপতি জানিয়েছেন, লোকসভা নির্বাচনের জন্য মাধ্যমিকের ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। তাই মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পারে।
এই প্রসঙ্গে রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “লোকসভা ভোটের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রে কোনও আইনগত বাধা নেই। ফলে আমরা নির্দিষ্ট দিনেই রেজাল্ট বের করতে পারব।” যদিও সরকারিভাবে এখনও কোনও তারিখ ঘোষণা করা হয়নি।
লোকসভা নির্বাচনের মধ্যেই অসম, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের মতো বিভিন্ন রাজ্যের বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। সেই রাজ্যের মতো পশ্চিমবঙ্গেরও বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না বলেই জানিয়ে দিয়েছে পর্ষদ।
এবার মাধ্যমিক শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। যা শেষ হয় ওই মাসের ১২ তারিখ। পরীক্ষা শেষের সঙ্গে সঙ্গেই ৯০ দিনের মধ্যে ফল প্রকাশিত হবে বলে জানিয়ে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেক্ষেত্রে মে'র দ্বিতীয় সপ্তাহেই ৯০ দিনের ‘ডেডলাইন’ শেষ হয়ে যাচ্ছে। পর্ষদ সূত্রে খবর, অতদিনও অপেক্ষা করতে হবে না। মে'র প্রথম সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের ফলাফল ঘোষণা করে দেওয়া হবে।