দ্য ওয়াল ব্যুরো : করোনা অতিমহামারীর ফলে চাকরির ব্যাপক সংকট সৃষ্টি হয়েছে দেশে। এই পরিস্থিতিতে বিতর্কিত ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মঙ্গলবার তিনি বলেন, মধ্যপ্রদেশ রাজ্য সরকারের চাকরিগুলি রাজ্যের বাসিন্দাদের জন্য সংরক্ষিত থাকবে। সেজন্য আইন করা হবে শীঘ্র।
এদিন ভিডিওতে বিবৃতি দেন চৌহান। তিনি বলেন, "মধ্যপ্রদেশ সরকার আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রদেশে সরকারি চাকরি যাতে স্থানীয় য্যবকরাই পায়, সেজন্য আমরা আইনি পদক্ষেপ নেব। মধ্যপ্রদেশে যে সম্পদ আছে, তা কেবল রাজ্যের ছেলেমেয়েরাই ভোগ করবে।"
চৌহান গত শনিবার বলেছিলেন, সরকারি চাকরিতে মধ্যপ্রদেশের যুবক-যুবতীদের অগ্রাধিকার দেওয়া হবে। তাঁর কথায়, "এখন চাকরির সুযোগ কমে আসছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের রাজ্যের যুবক-যুবতীদের নিয়ে উদ্বিগ্ন। তাই সরকারি চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে।" পরে তিনি বলেন, "রাজ্যের ছেলেমেয়েরা যাতে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার মার্কিশিটের ভিত্তিতে চাকরি পায়, আমরা তার ব্যবস্থা করব।"
এর আগে সরকার চেষ্টা করেছিল যাতে ওবিসি কোটা ১৪ থেকে ২৭ শতাংশ করা যায়। কিন্তু জব্বলপুর হাইকোর্ট তার বিরুদ্ধে রায় দেয়। চৌহান জানিয়েছেন, তাঁরা সেই রায়ের বিরুদ্ধে আদালতে লড়াই করবেন।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ জানিয়েছেন, তিনিও রাজ্যের শিল্পাঞ্চলে ৭০ শতাংশ চাকরি স্থানীয়দের জন্য সংরক্ষণ করতে চেয়েছিলেন। বেসরকারি ক্ষেত্রে ৭০ শতাংশ চাকরিও তিনি ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ করেন।
কমলনাথ এদিন টুইট করে প্রশ্ন তুলেছেন, "বিজেপির ১৫ বছরের শাসনকালে কতজন যুবক চাকরি পেয়েছে? এতদিনে তোমাদের ঘুম ভাঙল। তোমরা আমাদের সরকারের সিদ্ধান্তগুলিই কার্যকর করবে বলছ।"