দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ্য রাস্তায় নৃশংস খুন মধ্যপ্রদেশে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, গুলি করে খুন করা হল হোশাংবাদ জেলার গো-রক্ষা সংগঠনের প্রধান রবি বিশ্বকর্মাকে। এক প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিওতে ধরা পড়েছে সেই খুনের ঘটনা।
পুলিশ জানিয়েছে, এই ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধেয়। ভোপাল থেকে ১৫০ কিলোমিটার দূরত্বে হোশাংবাদের পিপারিয়া শহরে। ৩৫ বছরের রবি বিশ্বকর্মা বিশ্বহিন্দু পরিষদের হোশাংবাদ জেলা গো-রক্ষা সংগঠনের প্রধান ছিলেন। ঘটনার দিন তিনি দুই বন্ধুর সঙ্গে গাড়িতে ফিরছিলেন। সেই সময় তাঁদের রাস্তা আটকায় দুষ্কৃতীরা। গাড়ির কাচ ভেঙে গুলি চালায় একজন। তারপর টেনে হিঁচড়ে বাইরে এনে ধারানো অস্ত্র দিয়ে কোপানো হয়।
প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিওতে দেখা গেছে, কয়েকজন দুষ্কৃতী একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালাচ্ছে। গাড়ির কাচ ভাঙার চেষ্টা করছে কয়েকজন। পুলিশের বক্তব্য, ভিডিওতে যে গাড়ি দেখা গেছে তার ভিতরেই ছিলেন রবি বিশ্বকর্মা। দুষ্কৃতীদের সকলের হাতেই ছিল লাঠি, ধারালো অস্ত্র। ভিডিওতে দেখা যায় একজন লাঠি দিয়ে গাড়ির জানলার কাচ ভেঙে ফেলল। সঙ্গে সঙ্গেই গুলি চালাল আর একজন। তারপর দরজা খুলে টেনে একজনকে বাইরে এনে এলোপাথাড়ি কোপানো শুরু হল। ভিডিওতে যদিও মৃতব্যক্তির চেহারা স্পষ্ট ছিল না।
https://twitter.com/Anurag_Dwary/status/1276871614894731264?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1276871614894731264%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fmadhya-pradesh-vhp-cow-vigilante-killed-chilling-murder-caught-on-camera-2253348
পুলিশ আধিকারিক সতীশ অন্ধয়ান জানিয়েছেন, দুষ্কৃতীরা দু’রাউন্ড গুলি ছোড়ে। তার একটি বিশ্বকর্মার বুকে বিধেছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বাকি দু’জনের জখম গুরুতর।
আততায়ীরা দলে অন্তত দশ জন ছিল বলে দাবি পুলিশের। তাদের মধ্যে ছয় থেকে আটজনের মুখ কাপড়ে বাঁধা ছিল। পিপারিয়া শহরে ঢোকার মুখে একটি ব্রিজের নীচে বিশ্বকর্মার গাড়ি আটকে হামলা চালায় দুষ্কৃতীরা। গোটা ঘটনার ভিডিও তোলেন প্রত্যক্ষদর্শীরা। বিশ্বকর্মার গাড়ি যেখানে আটকানো হয়েছিল, তার থেকে বেশ কিছুটা দূরে একটি গাড়ির ভেতর থেকে ওই ভিডিওটি তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে। যিনি বা যাঁরা ওই ভিডিওটি তুলেছিলেন তাঁদের গলার স্বরও রেকর্ড হয়েছে ভিডিওতে। এক পুরুষ কণ্ঠকে বার বার বলতে শোনা গেছে, ‘ওকে মেরে ফেলল’ । এক মহিলা কণ্ঠের ভয়ার্ত চিৎকারও শোনা গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই ভিডিও।
গোটা ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছে হোশাংবাদের বিশ্বহিন্দু পরিষদ। পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে বলে তাদের অভিযোগ। পুলিশ জানিয়েছে, ১০ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। অস্ত্র আইনে মামলাও রুজু হয়েছে। আততায়ীদের তাড়াতাড়ি পাকড়াও করা হবে।