
শেষ আপডেট: 24 April 2023 02:00
দ্য ওয়াল ব্যুরো: বাংলা ও কলকাতার সঙ্গে খুব পুরনো সম্পর্ক মহেন্দ্র সিং ধোনির (M S Dhoni)। খড়্গপুর থেকেই নিজের কর্মজীবন শুরু করেছিলেন, আর এই কলকাতাই তাঁর শ্বশুরবাড়ির শহর। সেই শহরে এসে শুধু কলকাতাকে হারাল না, টুর্নামেন্টে পুরনো ছন্দে ফিরল মাহির চেন্নাই সুপার কিংস (CSK)।
যিনি এদিন ইডেনে (Eden Gardens) খেলা শেষে ইডেনের দর্শকদের আবেগে আত্মহারা হয়ে গিয়েছিলেন। বলে দিয়েছেন, ‘হয়তো কলকাতার দর্শকরা আমাকে বিদায় জানাতে মাঠে এসেছিলেন। তবে আমি ওঁদের কাছে কৃতজ্ঞ। দেখলাম সবাই প্রায় চেন্নাইয়ের হলুদ জার্সি পরে খেলা দেখতে এসেছিলেন। হয়তো পরের ম্যাচে এরাই কলকাতার জার্সি পরবেন।’ মাহি অবশ্য এবারই বিদায় নেবেন, সেই নিয়ে কিছু বলেননি।
চলতি বছরের আইপিএলে শুরুতে খানিক ধাক্কা খেলেও ধোনির নেতৃত্বে চেন্নাই এখন যেন অশ্বমেধের ঘোড়া। ইডেন গার্ডেন্সেই জয়ের হ্যাটট্রিক করল সিএসকে। শুধু তাই নয়, রাজস্থানকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল চেন্নাই।
রবিবারের ম্যাচ ঘিরে কলকাতার মানুষের মধ্যে উন্মাদনা ছিল আলাদাই। আইপিএলে ইডেনে আরও ভাল করে বললে কলকাতায় এটাই সম্ভবত ধোনির শেষ ম্যাচ। সেই ম্যাচে মাহিকে দেখতে যে স্টেডিয়াম ভরবে তা বলার অপেক্ষা রাখে না। হলও তাই। ইডেনের যেন আজ উঠেছিল হলুদ ঝড়।
ঘরের মাঠে খেলছে কেকেআর। কিন্তু কলকাতা দলের সমর্থকের চেয়ে ইডেন ভরেছিল ধোনি সমর্থকে। গ্যালারি জুড়ে শুধু ধোনি ধোনি চিৎকারে কান পাতা ভার হয়ে উঠেছিল। সেইসব ভক্তদের এদিন নিরাশ করেননি ক্যাপ্টেন কুল।
ব্যাট হাতে একদম ইনিংসের শেষে নেমেছিলেন তিনি। অন্য সময় হলে হয়তো ৬ নম্বরে তিনি না নেমে অন্য কাউকে পাঠাতেন। এই টুর্নামেন্টে সেটাই দেখা যাচ্ছে। কখনও সাতে, আবার কখনও আরও পরে নামছেন। কিন্তু কলকাতার মানুষকে নিরাশ করতে চাননি মাহি। ৩ বল খেললেন, করলেন মাত্র ২ কিন্তু তাতে কী, ওইটুকু দেখার জন্যই তো আকুল হয়ে ছিলেন ইডেনে আসা সমর্থকেরা। ধোনি হয়তো সেট বুঝেই ব্যাট হাতে নেমেছিলেন।

নিজের বুদ্ধি, দলের দক্ষতা কাজে লাগিয়ে ইডেনে ফের হিরো সেই ধোনিই। সিএসকে ম্যাচ জিতল তো বটেই, পাশাপাশি ৭ ম্যাচে ৫টা জিতে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের মগডালে চড়ে বসল চেন্নাই।
নেট রান রেটের হিসেবে রাজস্থানের থেকে সামান্য পিছিয়ে রয়েছে তারা। তবে আজকের ম্যাচ থেকে এটা পরিষ্কার চেন্নাইয়ের জয়ের রথ ছুটতে শুরু করে দিয়েছে। আর সেই রথে সারথি ধোনি। তাই চেন্নাইকে থামানো খুবই কঠিন।
রিঙ্কুই ধ্রুবতারা! কেকেআর তারকা কি এবার ভারতীয় দলে ঠাঁই পাবেন