দ্য ওয়াল ব্যুরো: পাসপোর্টে পদ্মফুলের জলছাপ দেওয়া শুরু করল বিদেশমন্ত্রক। এই বিষয়টি নজরে আসতেই লোকসভায় তা উত্থাপন করে এর বিরোধিতা করে বিরোধী দলগুলি। যদিও বৃহস্পতিবারই বিদেশমন্ত্রক জানিয়ে দিয়েছে, পাসপোর্টের সুরক্ষা বাড়ানোর জন্যই তাতে জাতীয় ফুলের ছাপ দেওয়া শুরু হয়েছে। দেশের অন্য জাতীয় চিহ্নও পর্যায়ক্রমে ব্যবহার করা হবে।
কেরলের কোঝিকোড়েতে যে নতুন পাসপোর্ট বিলি করা হয়েছে তাতে যে পদ্মফুলের ছাপ রয়েছে সে কথা জিরো হাওয়ারে জানান বিরোধীরা। কংগ্রেসের এম কে রাঘবন জানান, বিষয়টি একটি সংবাদপত্রে ছাপা হয়েছে, সেখানেই উল্লেখ করা হয়েছে গৈরিকিকরণের দিকে আরও একধাপ এগনো হল। কারণ কেন্দ্রের শাসকদল বিজেপির নির্বাচনী প্রতীক হল পদ্ম।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, “এটা আমাদের জাতীয় ফুলের চিহ্ন, জাল পাসপোর্ট রুখতে সুরক্ষা আরও একধাপ বাড়ানোর জন্যই বাড়তি ফিচার যোগ করা হয়েছে।” তিনি জনিযেছেন, আন্তর্জাতিক অসামরিক বিমান সংস্থার (আইসিএও) নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত।
তিনি জানিয়েছেন, “পদ্মফুল ছাড়াও অন্য জাতীয় চিহ্নগুলি পর্যায়ক্রমে ব্যবহার করা হবে। পরের মাসে অন্যকিছু ব্যবহার করা হবে। যেগুলি ব্যবহার করা হবে দেশের সঙ্গে তার যোগ থাকবে, যেমন জাতীয় ফুল বা জাতীয় পশু।”
ভারচের জাতীয় পশু বাঘ এবং জাতীয় পাখি ময়ূর। জাতীয় চিহ্ন (এমব্লেম) সারনাথ লায়ন ক্যাপিটাল।