
শেষ আপডেট: 6 May 2022 07:11
দ্য ওয়াল ব্যুরো: মসজিদে লাউডস্পিকার (Loudspeaker) বাজানোর মৌলিক অধিকারের কতা সংবিধানে লেখা নেই। দেশজুড়ে লাউডস্পিকার বিতর্কের মাঝে এমনই রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। সেই সঙ্গে মসজিদে লাউডস্পিকার বসানোর দাবিতে করা একটি আবেদনও খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতির পর্যবেক্ষণ, মসজিদে লাউডস্পিকার বসানো সাংবিধানিক অধিকার নয়।
উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার ধোরানপুর গ্রামের ঘটনা। সেখানে নুরি মসজিদে লাউডস্পিকার বসানোর অনুমতি চেয়েছিলেন ইরফান নামের এক ব্যক্তি। সে অনুমতি দেননি অতিরিক্ত জেলাশাসক। ২০২১ সালে ৩ ডিসেম্বরের ঘটনা এটি।
এর পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা রুজু করেন ইরফান। তিনি দাবি করেন, জেলাশাসকের ওই নির্দেশ সম্পূর্ণ বেআইনি এবং সংবিধানের পরিপন্থী।
তবে ইরফানের সেই আর্জি খারিজ হয়ে গেল এলাহাবাদ হাইকোর্টে, বিচারপতি বিবেক কুমার বিড়লা এবং বিচারপতি বিকাশের ডিভিশন বেঞ্চে। আদালতে রায় দেওয়া হয়েছে, লাউডস্পিকার (Loudspeaker) সংবিধানের মৌলিক অধিকার নয়।
সম্প্রতি মসজিদে লাউডস্পিকার লাগানো নিয়ে বিবাদ শুরু হয়েছে মহারাষ্ট্রে। মসজিদের লাউডস্পিকার বন্ধের দাবি করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। মসজিদে লাউডস্পিকার বাজলে মসজিদের বাইরে পাল্টা হনুমান চালিশা চালানোর হুঙ্কারও দেন তিনি, সেই মতো নানা জায়গায় হনুমান চালিশা বাজানো শুরুও করেছেন তাঁর সমর্থকরা। এ নিয়ে ফের মামলাও দায়ের হয়েছে। কর্নাটকেও লাউডস্পিকার নিয়ে বিতর্ক বাড়ছে।
শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোথাওই লাউডস্পিকার (Loudspeaker) ব্যবহার করা যাবে না খোলা জায়গায়। তবে অডিটোরিয়াম, কনফারেন্স হল, কমিউনিটি এবং ব্যাঙ্কোয়েট হলের মতো বদ্ধ জায়গায় শব্দআইন মেনে মাইক বাজানো যাবে।
৬ মাস পরে খুলল কেদার মন্দিরের দরজা! মন্ত্রোচ্চারণে, ফুলের গন্ধে গমগম করছে পাহাড়