
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 26 April 2024 14:42
দ্য ওয়াল ব্যুরো: একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে নন্দীগ্রামে লোডশেডিং করে ভোটে জেতার অভিযোগ তুলেছিল তৃণমূল। এখনও ওই অভিযোগে সরব শাসকদল। মেদিনীপুরের নির্বাচনী সভা থেকে ফের নন্দীগ্রামের ওই প্রসঙ্গ টেনে আনলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায।
শুক্রবার ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেবের সমর্থনে পিংলায় নির্বাচনী সভা করেন বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকে মেদিনীপুরের মানুষকে সতর্ক করে মমতা বলেন, "নন্দীগ্রামে বিজেপি আবার অত্যাচার শুরু করেছে। লোডশেডিং করে এবারেও ভোটে জেতার চেষ্টা করবে!"
একই সঙ্গে টাকা ছড়িয়ে বিজেপি মানুষের ভোট কেনার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামে মমতা বনাম শুভেন্দুর লড়াই হয়েছিল। গণনাপর্বেও দুপক্ষের প্রবল টক্কর দেখা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ১ হাজার ৯৫৬ ভোটে জয়ী হয়েছিলেন শুভেন্দু। বিজেপির বিরুদ্ধে কাউন্টিং সেন্টারে লোডশেডিং করে ভোট কারচুপির অভিযোগে তখন থেকেই সরব তৃণমূল।
এদিন সেই প্রসঙ্গ উত্থাপনের পাশাপাশি মমতা বলেন, "অনেক টাকা করেছো না! পরিবারকে বাঁচাতে বিজেপিতে গেছো! জেনে রাখো, ওসব করে আর লাভ হবে না! এবারে আর বিজেপি দেশের ক্ষমতায় আসছে না।"
মমতা কারও নাম করেননি। তবে তাঁর কথা থেকে স্পষ্ট, সম্ভবত নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়েছেন তৃণমূল নেত্রী।
বিজেপির পাশাপাশি এদিনের সভা থেকে সিপিএমকেও তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। বাম আমলের সন্ত্রাসের প্রসঙ্গ টেনে মমতা বলেন, "আগে মেদিনীপুর দেখেছেন, শুধুই কঙ্কাল কাণ্ড। ডেডবডির পর ডেডবডি। কোনও বিচার পাযনি মানুষ। সবচেয়ে বড় ডাকাতি করে গেছে সিপিএম। আর সবচেয় বড় ভুলটা আমরা করেছিলাম, বলেছিলাম,. বদলা নয়, বদল চাই। পালা বদলের পর বাংলার দিকে দিকে রবীন্দ্রসঙ্গীত বেজেছিল।"