
বেলা ১১টা অবধি ভোটের হার।
শেষ আপডেট: 26 April 2024 12:07
দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে ভোট চলছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল ৯টা অবধি রাজ্যের ওই তিন আসনে ভোট পড়েছিল গড়ে ১৫ শতাংশ। পরবর্তী ২ ঘণ্টায় ভোটদানের হার বেড়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত বাংলার তিন কেন্দ্রে গড় ভোটের হার ৩১.২৫ শতাংশ। দার্জিলিঙে ভোট পড়েছে ৩২.৭৫ শতাংশ, রায়গঞ্জে ৩২.৫১ শতাংশ এবং বালুরঘাটে ২৮.১১ শতাংশ। অর্থাৎ ভোটদানের হারে এগিয়ে দার্জিলিং।
ভোট শুরুর ঘণ্টা চারেকের মধ্যে একাধিক অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। সকাল ৯টা পর্যন্ত ১১৩টা অভিযোগ জানিয়েছে তৃণমূল। তার মধ্যে রয়েছে ইভিএম খারাপ, বিজেপি মানুষকে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মহিলাদের ভয় দেখাচ্ছে ইত্যাদি। বালুরঘাটে এবং রায়গঞ্জের কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবরও পাওয়া গেছে।
কমিশন জানিয়েছে, বেলা ১১টার পর থেকে মোট অভিযোগ জমা পড়েছে প্রায় ২৯০টি। সবচেয়ে বেশি রায়গঞ্জে ১২৩ টি, বালুরঘাট থেকে ৯২টি ও দার্জিলিং থেকে ২৬টি অভিযোগ জমা পড়েছে। সি ভিজিল অ্যাপে সকাল থেকে অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে রায়গঞ্জ থেকে ১১টি অভিযোগ জমা পড়েছে। দার্জিলিং ও বালুঘাট থেকে ৬টি করে অভিযোগ জমা পড়েছে। সিএমএস পোর্টালেও একের পর এক অশান্তির খবর জানানো হচ্ছে। সবচেয়ে বেশি অভিযোগ এসেছে দার্জিলিং থেকে। তারপর রায়গঞ্জ থেকে ৭টি ও বালুরঘাট থেকে ৮টি অভিযোগ জমা পড়েছে।
সবচেয়ে বেশি অভিযোগ জানিয়েছে বিজেপি। দলের তরফে দাবি করা হয়েছে, ভোটারদের নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূব। গঙ্গারামপুরে পুলিশ নীরব দর্শক, বারান্দায় উঠে তৃণমূলের লোকজন ভোট নিয়ন্ত্রণ করছে। পতিরামপুরে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ রায়কে মারধরের অভিযোগ উঠেছে। বুথের ১০০ মিটারের মধ্যে ক্যাম্প বসানোর অভিযোগও রয়েছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভও হয়েছে। বিজেপির দাবি, প্রার্থীকেই বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ দেখেও কিছু করছে না। গোটা এলাকায় অশান্তি চলছে।