
যোগী আদিত্যনাথ ও অমিত শাহ।
শেষ আপডেট: 28 April 2024 08:39
দ্য ওয়াল ব্যুরো: এবারের লোকসভা ভোটে বাংলাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। ইতিমধ্যে দু'দফা ভোটের আগে বাংলায় একাধিক প্রচার সভা সেরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার রাজ্য সফরে আসছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
বিজেপি সূত্রের খবর, ৩০ এপ্রিল বাংলায় তিনটি সভা করার কথা রয়েছে যোগীর। বহরমপুর, আসানসোল এবং বীরভূম তিনটি জেলায় সভা করবেন যোগী। ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলাগুলিতে সাংগঠনিক প্রস্তুতিও শুরু হয়েছে।
দলীয় সূত্রের খবর, ওই একই দিনে অর্থাৎ ৩০ এপ্রিল বর্ধমান এবং নদিয়ায় সভা করার কথা রয়েছে শাহরও।
এদিকে রবিবারই বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। মুর্শিদাবাদের বহরমপুর এবং নদিয়ার রানাঘাটে সভা রয়েছে নাড্ডার।
গত লোকসভা ভোটে বাংলার ৪২ টি আসনের মধ্যে ১৮টি জয় পেয়েছিল বিজেপি। এর মধ্যে ৭টি আসনই এসেছিল উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গের পাশাপাশি এবার দক্ষিণবঙ্গেও বাড়তি গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। মোদী-শাহও কখনও ৩৫ কখনও ৩০ এর টার্গেট বেঁধে দিয়েছেন। এবার রাজ্য সফরে এসে বাংলা নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কী বলেন, তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে।
কারণ, বাংলার বিরুদ্ধে যখনই গেরুয়া শিবির দুর্নীতির অভিযোগে সরব হয়েছে তখনই তৃণমূলের তরফে বিজেপির দুর্নীতি বোঝাতে বারে বারে তুলে ধরা হয়েছে উত্তরপ্রদেশের প্রসঙ্গও। শুধু তাই নয় অখিলেশ যাদবের সমর্থনে উত্তরপ্রদেশের একটি আসনে লড়ছে তৃণমূলও।