
মুর্শিদাবাদের জঙ্গিপুর।
শেষ আপডেট: 7 May 2024 23:47
দ্য ওয়াল ব্যুরো: বিকেল পাঁচটার পর সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছিলেন, আজকে তেমন বড় কোনও ঘটনা ঘটেনি।
প্রথম দু'দফার মতো তৃতীয় দফাতেও শান্তিতে ভোট মিটলেও দিনের শেষে রণক্ষেত্রর চেহারা নিল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। বিজেপির অভিযোগ, ভোট গ্রহণ শেষ হওয়ার পর যখন সমস্ত ইভিএম ফিল করার কাজ চলছিল সেই সময়েই অশোক কর্মকার নামে বিজেপির এক এজেন্টকে বেধড়ক মারধর করা হয়।
ঘটনার প্রতিবাদে রঘুনাথগঞ্জ লালগোলা রাজ্য সড়কে অবরোধ শুরু করেন বিজেপির কর্মী, সমর্থকরা।
এদিন সন্ধেয় ঘটনাটি ঘটেছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গণকর ২৬৬ নম্বর বুথে। সেখানে বিজেপির পোলিং এজেন্ট অশোক কর্মকারকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। খবর পেয়ে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ আহতকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান।
ঘটনার প্রতিবাদে রঘুনাথগঞ্জের দাদা ঠাকুর মোড়ে রঘুনাথগঞ্জ-লালগোলা রাজ্য সড়ক শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। অবরোধের নেতৃত্বে ছিলেন বিজেপি প্রার্থীও। পুলিশ অবরোধ তুলতে গেলে বচসা থেকে হাতাহাতি বেঁধে যায়।
স্থানীয় সূত্রের খবর, পুলিশের সঙ্গে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের দেহরক্ষীরাও। এরপরই পুলিশ লাঠিচার্জ শুরু করে। ঘটনার জেরে উতপ্ত হয়ে ওঠে এলাকা।
সূত্রের খবর,, এব্যাপারে জেলা নির্বাচন দফতরের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। প্রসঙ্গত, এদিন সকালেও ভোটগ্রহণ চলাকালীন উত্তেজনা ছড়িয়েছিল জঙ্গিপুরে।