দ্য ওয়াল ব্যুরো : বিহারে গত রবিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪ হাজার ৯৩ জন। এই প্রেক্ষিতে সোমবার বিহার প্রশাসন জানাল, লকডাউনের মেয়াদ বাড়ানো হল ৬ সেপ্টেম্বর পর্যন্ত। এদিন এক উচ্চপর্যায়ের বৈঠকের পরে স্বরাষ্ট্র দফতর একথা জানায়।
এর আগে ৩০ জুলাই ঘোষণা করা হয়েছিল, ১৬ অগাস্ট পর্যন্ত বিহারে কোনও ধর্মস্থান খুলবে না। সবরকম ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানও বন্ধ থাকবে। চালু হবে না বাসও। বাণিজ্যিক ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান খুলতে পারে। কিন্তু পার্ক, জিম ও শিক্ষায়তনগুলি বন্ধ থাকবে।
বিশ্বে গত রবিবার অবধি মারণ ভাইরাসের বলি হয়েছেন ৭ লক্ষ ৭৩ হাজার ৫৬০ জন। গত বছর ডিসেম্বর মাসে চিনে প্রথম নভেল করোনাভাইরাসের প্রভাব লক্ষ্য করা যায়। তারপর হু হু করে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে কোভিড সংক্রমণ। এএফপির ট্যালি অনুসারে এখনও পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৮ লক্ষ ৫০ হাজার ৯৪৭ জন।
এএফপির ওই পরিসংখ্যানেই দেখা গিয়েছে লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান এলাকায় করোনাভাইরাসের প্রভাব সবচেয়ে বেশি। এই দুই এলাকা মিলিয়ে কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে প্রায় আড়াই লক্ষ মানুষের। বিশ্বে কোভিড সংক্রমণে যত জনের মৃত্যু হয়েছে তার অর্ধেকের বেশি মৃত্যু হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো এবং ভারতে। মৃতের সংখ্যার নিরিখে বিশ্বে কোভিড পরিসংখ্যানে চতুর্থ স্থানে রয়েছে ভারত।
বিশ্বের কোভিড পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখনও পর্যন্ত আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৫,৫৬৭,৭৬৫। মৃত্যু হয়েছে ১,৭৩,১৩৯ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৯,২২,৯২৯ জন। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩,৪০,১৯৭। সংক্রমণে মৃত্যু হয়েছে ১,০৭,৮৭৯। সুস্থ হয়েছেন ২৪,৩২,৪৫৬। তৃতীয় স্থানে রয়েছে ভারত। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ২৬,৫১,২৯০। মৃত্যু হয়েছে ৫১,০৭৯ জনের। সুস্থ হয়েছেন ১৯,২০,২৬৫ জন। চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৯,২৭,৭৪৫। সংক্রমণে মৃত্যু হয়েছে ১৫,৭৪০ জনের। সুস্থ হয়েছেন ৭,৩৬,১০১। পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এখানে আক্রান্তের সংখ্যা ৫,৮৭,৩৪৫। মৃত্যু হয়েছে ১১,৮৩৯ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৪,৭২,৩৭৭ জন।