
শেষ আপডেট: 15 April 2023 08:48
দ্য ওয়াল ব্যুরো: বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের ঘটনার পর ওড়িশার (Odisha) সম্বলপুরে (Sambalpur) কার্ফু জারি (curfew) করেছে স্থানীয় প্রশাসন। শহরে জোরদার প্রচার চালানো হচ্ছে বাড়ির বাইরে না বেরতে। শহরের দোকান-বাজার বন্ধ। বন্ধ রাখা হয়েছে বাস-সহ যাবতীয় গণপরিবহণ। মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
সম্বলপুরের সাব-কালেক্টর বিজ্ঞপ্তিতে বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। শুধু সকাল ৮’টা থেকে ১০’টা এবং বিকাল ৩’ থেকে ৫’টা পর্যন্ত হাট-বাজার করার জন্য মানুষ বাইরে বেরতে পারবেন। বাকি সময় রাস্তা বেরতে নিষেধ করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অশান্তির সূত্রপাত শুক্রবার রাতে । শুক্রবার বিকালে শহরে হনুমানজয়ন্তীর মিছিল বেরিয়েছিল। তারপর থেকে রাতভর চলা বিক্ষিপ্ত সংঘর্ষে শহরে বেশ কয়েকজন আহত হয়। পরে একজনের দেহ উদ্ধার করে পুলিশ। সংঘর্ষেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কিনা পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি । মৃত্যের নাম-পরিচয়ও জানা যায়নি। শনিবার ১৪৪ ধারা জারি করা হয়।
রামনবমী ও হমুমানজয়ন্তীকে কেন্দ্র করে এ বছর দেশের অনেকগুলি রাজ্যে গোলমাল হয়েছে। পড়শি রাজ্য পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডে হিংসাত্মক ঘটনা ঘটলেও শান্ত ছিল ওড়িশা। শনিবার তালিকায় যুক্ত হল ওই রাজ্যের বড় শহর সম্বলপুর। সেখানকার ঘটনা নিয়ে এখনও কোনও রাজনৈতিক প্রতিক্রিয়া মেলেনি। বাকি সব রাজ্যেই বিরোধী দলগুলি বিজেপি ও হিন্দুত্ববাদী অন্যান্য সংগঠনকে অশান্তির জন্য কাঠগড়ায় তুলেছে।
সম্বলপুরের জেলা শাসক অনন্যা দাস জানিয়েছেন, সমস্ত শিক্ষা, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। তিনি শহরবাসীকে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আর্জি জানিয়েছেন।