
শেষ আপডেট: 26 April 2023 15:54
দ্য ওয়াল ব্যুরো: কুস্তিগিরদের বিক্ষোভে (Wrestlers Protest) গত দু'দিন ধরে ফের নতুন করে উত্তাল হয়ে উঠেছে দিল্লি। রাজপথে নেমে পড়েছেন ভারতীয় কুস্তিগিররা। ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন মহিলা কুস্তিগিররা (Wrestlers)। এই নিয়ে আগেও কেন্দ্রের সঙ্গে বৈঠক হয়েছে। তবে এখনও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। তাই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করতে চাইলেন কুস্তিগিররা। বললেন, তাঁদের ব্যথা বুঝতে পারবেন প্রধানমন্ত্রী।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় অলিম্পিক্স পদকজয়ী সাক্ষী মালিক বলেন, 'আমরা চাই মোদীজি আমাদের ফোন করে দেখা করুক। সম্ভবত আমাদের কথা তাঁর কাছে পৌঁছাচ্ছে না। আমরা তাঁর সঙ্গে দেখা করতে চাই, আমাদের উদ্বেগের কারণ ব্যাখ্যা করতে চাই'।
সাক্ষীর সুরে সুর মিলিয়ে কমনওয়েলথ ও এশিয়ান গেমসে স্বর্ণপদকজয়ী ভিনেশ ফোগাট বলেন, 'প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে হয়তো তিনি দেশের মেয়েদের যন্ত্রণাটা দেখতে পারবেন।' এরপরই ভিনেশ যোগ করেন, 'প্রধানমন্ত্রী মন কি বাত করছেন, কিন্তু ওনার উচিত সেইসঙ্গে মেয়েদের মন কি বাত শোনা।‘
চলতি বছরের জানুয়ারি মাসে ব্রিজভূষণের বিরুদ্ধে প্রথম যৌন হেনস্থার অভিযোগ ওঠে। সেই অভিযোগ উত্তরোত্তর বাড়তে থাকে। দেশের প্রায় অধিকাংশ কুস্তিগিররা পথে নেমে বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভের জেরে কেন্দ্র সরকার একটি কমিটি গঠন করেন। মেরি কমের নেতৃত্বে এই কমিটি ঘটনার তদন্ত শুরু করে।
প্রসঙ্গত, এই কমিটির বিরুদ্ধে এদিন সোচ্চার হয়েছিলেন খোদ কমিটিরই সদস্য ববিতা ফোগাট। গত শুক্রবারই দিল্লির কনট প্লেস থানায় অভিযোগ দায়ের করেন সাত মহিলা কুস্তিগির। তাঁদের মধ্যে রয়েছেন এক নাবালিকাও। সেই চিঠির প্রতিলিপি জমা করেছেন জাতীয় মহিলা কমিশনের কাছেও। এদিকে সুপ্রিম কোর্ট এই বিষয়ে দিল্লি পুলিশকে চিঠি পাঠিয়েছে।
কুস্তিতে যৌন হেনস্থা! তদন্তের রিপোর্ট পড়তে দেওয়া হয়নি, মেরি কমের কমিটির বিরুদ্ধে অভিযোগ ববিতার