
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী
শেষ আপডেট: 15 March 2025 22:05
দ্য ওয়াল ব্যুরো: শাসকদলে (TMC) রদবদল অনিবার্য। সে সিদ্ধান্তের কথা পরিষ্কার করে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রক্রিয়া কবে হবে, কী তার খসড়া সে নিয়ে জল্পনা-কল্পনা এখনও রাজ্য-রাজনীতিতে জিইয়ে রয়েছে। রদবদল বিষয়ক চর্চার আবহেই শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহাবৈঠক হতেই নতুন করে শুরু হয়েছে সেই চর্চা। সূত্রের খবর, খুব শীঘ্রই নতুন জেলা সভাপতিদের (District President) তালিকা প্রকাশ করা হবে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই বৈঠকের বহর যে যথেষ্ট বড় তা আন্দাজ করা গিয়েছিল আগেই। এ কথা বলার কারণ রাজ্যসভা এবং লোকসভার সমস্ত সাংসদকে তো বটেই, জেলা পরিষদের সভাধিপতি-সহ গোটা জেলা পরিষদকে থাকতে বলা হয় আজকের আলোচনায়। বলা হয়, পুরসভাগুলির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান থাকবেন। এর সঙ্গেই থাকবে তৃণমূলের পুরো রাজ্য কমিটিও।
তখনই খানিকটা আন্দাজ করা গিয়েছিল, শুধু 'ভূতুড়ে ভোটার' অভিষেকের ইস্যু হতে পারে না। সেই মতোই বৈঠকের পর জানা গিয়েছে, জেলা সভাপতিদের বদল করা হবে খুব শীঘ্রই। তবে সবাইকেই বদল করা হবে এমনটা নয়। নতুন ও পুরনো সভাপতিদের নাম একসঙ্গে করেই তালিকা পেশ করা হবে।
এদিন পাখি পড়ার মতো করে, আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে অভিষেক এও জানিয়ে দিয়েছেন, যে সমস্ত জায়গায় পার্টি দুর্বল সেখানে কড়া নজর দিতে হবে। আর সভাপতি নির্বাচনে অগ্রাধিকার পাবে এক এবং একমাত্র পারফরম্যান্স।
প্রায় এক বছর পরে অভিষেক এত বড় আকারে নিজে থেকে বৈঠক ডেকেছেন। শেষ বার বৈঠক করেছিলেন গত লোকসভা ভোটের আগে। গত বছরের ২ জুনের পর চলতি বছরের ১৫ মার্চ। ২৮৫ দিনের ব্যাবধানের মাঝের যে সময়টা, সেখানে অভিষেকের 'চুপচাপ' থাকা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু তিনি যে ছাব্বিশের ভোটের একটা নকশা আঁকতে শুরু করে দিয়েছিলেন তা আজকের বৈঠক থেকে স্পষ্ট হয়ে গেল।