দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার তামিলনাড়ুতে মদের দোকান খোলার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। এরপরে নির্দিষ্ট নিয়ম মেনে মদের দোকান খুলতে চলেছে রাজ্য সরকার। স্থির হয়েছে, প্রতিদিন মদ বিক্রির জন্য দোকানগুলিকে টোকেন দেওয়া হবে। একদিনে ৫০০-র বেশি টোকেন দেওয়া হবে না। ফলে প্রতিদিন ৫০০-র বেশি ক্রেতা মদ কিনতে পারবেন না।
মদের দোকান খোলা থাকবে সকাল ১০ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত। চেন্নাই এবং থিরুভালুরের হটস্পটগুলিতে কোনও মদের দোকান খুলবে না। মাদ্রাজ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, শুধু অনলাইনে মদ বিক্রি করা যাবে। কেউ মদ কিনতে চাইলে তাকে দেখাতে হবে আধার কার্ড। সুপ্রিম কোর্ট শুক্রবার এই আদেশের ওপরে স্থগিতাদেশ দিয়েছে। প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি এদিন তামিলনাড়ু সরকারের হয়ে আদালতে সওয়াল করেন। তিনি বলেন, রাজ্য সরকার ইতিমধ্যে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশিকা জারি করেছে।
রোহতগি বলেন, “সমস্যা হল, হাইকোর্ট নিজেই নানা বিধিনিষেধ জারি করেছে। হাইকোর্ট পলিসি তৈরি করতে পারে না। কীভাবে মদ বিক্রি করা হবে, তা স্থির করবে রাজ্য। মদ কিনতে গেলে আধার কার্ড লাগবে কেন? কেন ডিজিটাল পেমেন্ট করতে হবে?”
মদ বিক্রি বন্ধ করার জন্য তামিলনাড়ুর এক ব্যক্তি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। তিনি বলেন, মদ বিক্রি করা কোনও মৌলিক অধিকার নয়। আমি মদ বিক্রি পুরোপুরি বন্ধ করতে বলছি না। কিন্তু সতর্কতা অবলম্বন করতেই হবে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে যায় ৮ মে। সরকারের বক্তব্য ছিল, মদের দোকান বন্ধ থাকায় সরকারের রাজস্বের ব্যাপক ক্ষতি হচ্ছে।